নিউজিল্যান্ডও সতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার ফুলটন
পিটার ফুলটন

চট্টগ্রামে পঞ্চম দিনেও উইকেটের ন্যাড়াভাব পুরোপুরি যায়নি। তবে ঢাকা টেস্টের আগে উইকেট নিয়ে যথেষ্ট সতর্ক নিউজিল্যান্ড শিবির। মিরপুরে কাল সকালে অনুশীলনের পর কিউই ব্যাটসম্যান পিটার ফুলটনের কথাতেই আছে সে আভাস, ‘চট্টগ্রামের চেয়ে এখানে তুলনামূলকভাবে বেশি টার্ন থাকবে বলে মনে হচ্ছে। তবে আমরাও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতিই নিচ্ছি।’
প্রথম টেস্ট ড্র হওয়ায় দ্বিতীয় টেস্টই গড়ে দেবে সিরিজের ভাগ্য। ফুলটনের ধারণা, এই টেস্ট জেতার জন্য মরণকামড় দেবে দুই দলই, ‘আমরা অবশ্যই চাইব ম্যাচটা জিততে। আমি নিশ্চিত বাংলাদেশও তাই চাইবে। অন্য সব দলের মতো বাংলাদেশও জয়ের জন্য খেলে এবং আমরাও এর ব্যতিক্রম নই।’ বাংলাদেশের সঙ্গে টেস্ট ড্র করাটাও অঘটন নিউজিল্যান্ডের জন্য। প্রথম টেস্টে সেই ‘অঘটনের’ শিকার হওয়ার পর একটু হলেও হতাশ তারা। তবে এতে দলের আত্মবিশ্বাস এতটুকু কমেনি বলে ধারণা ফুলটনের, ‘পাঁচ দিন অনেক লম্বা সময়। প্রথম টেস্টের তুলনায় আর একটু ভালো পারফরম্যান্স করলেই ফলাফল আমাদের পক্ষে আসতে পারে।’
চট্টগ্রামে নিউজিল্যান্ডের ১৭ উইকেটের মধ্যে ১৬টিই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। ঢাকায় টার্নিং উইকেটের সম্ভাবনা কিউইদের স্পিন-আতঙ্ক আরও বাড়াবে স্বাভাবিক। তবে ফুলটনের আস্থা আছে নিজেদের স্পিনারদের ওপরও, ‘প্রথম টেস্ট থেকে শিখতে পারে তারা। বোলিংয়ের সময় যদি ধৈর্যটা আরেকটু বেশি সময় ধরে রাখতে পারি তাহলে আমরাও উইকেট নিতে পারব।’
প্রথম ইনিংসে ৭৩, দ্বিতীয় ইনিংসে ৫৯—কেন উইলিয়ামসনের মতো চট্টগ্রাম টেস্টে পিটার ফুলটনও ধরে রেখেছিলেন পারফরম্যান্সের ধারাবাহিকতা। প্রচণ্ড গরমটাকে ভালো ব্যাটিংয়ের পথে প্রতিবন্ধকতা মনে করলেও ঢাকায়ও দলকে ভালো শুরু এনে দেওয়ার লক্ষ্য এই ওপেনারের, ‘এই গরমের মধ্যে ব্যাটিংটা সহজ নয় এখানে। রানের জন্য সংগ্রাম করতে হবে আপনাকে। তবে শুরুটা ভালো করতে পারলে দলকে জয়ের পথে নেওয়া সম্ভব।’ আর সে জন্য ওপেনিং সঙ্গী হামিশ রাদারফোর্ডের ওপরও ভরসা রাখছেন ফুলটন, ‘খুবই আক্রমণাত্মক খেলোয়াড় সে। সে জন্যই হয়তো অনেক সময় ও প্রত্যাশিত বড় ইনিংস খেলতে পারে না। তবে দারুণ একজন ব্যাটসম্যান সে। তার আক্রমণাত্মক মনোভাব আমার ওপর চাপটা অনেক কমিয়ে দেয়।’
পিটার ফুলটনের ‘টু মিটার পিটার’ নামটা তাঁর উচ্চতার কারণে। অত লম্বা একজন ব্যাটসম্যানের জন্য বাংলাদেশের উইকেটে নিচু হয়ে আসা বলগুলো খেলতে একটু কষ্টই হওয়ার কথা। ফুলটন অবশ্য এখানে বাস্তবতাকেই মেনে নেওয়ার পক্ষে, ‘আপনার উচ্চতা অনুযায়ী তো আর বাউন্সের ধরন বদলাবে না। তা ছাড়া এর সঙ্গে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় এখানে কাটাচ্ছি আমরা।’