নিউজিল্যান্ডকে উদ্ধার করলেন সাউদি
অভিষেক টেস্টে ৭৭ রানের একটা ইনিংস আছে। ৪০ বলে খেলা যে ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছিল নয়-নয়টি ছক্কা। তার মানে এই নয় যে, টিম সাউদি ব্যাটসম্যান হয়ে গেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারেরই কালকের আগ পর্যন্ত একমাত্র ফিফটি হয়ে ছিল সেটি। সেই সাউদি কাল আসলেই ব্যাটসম্যান হয়ে গেলেন। উমর গুলের করা ৭৩তম ওভারে টানা তিন বলে যে তিনটি চার মারলেন, ভাষ্যকারদের মুখে প্রশংসার খই ফুটল। এই সাউদিতেই শেষ পর্যন্ত উদ্ধার পেল ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে তাই এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এগিয়ে থাকা হলো না পাকিস্তানের। ওই ৭ উইকেটেই ২৬০ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকেরা। ৫৬ রানে অপরাজিত সাউদির সঙ্গে উইকেটে আছেন বয়সের তুলনায় অনেক পরিণত এক ইনিংস খেলা কেন উইলিয়ামসন (৪৪)। অষ্টম উইকেটে তাঁদের জুটিটা এরই মধ্যে তুলে ফেলেছে ৮৩ রান। এ ছাড়া নিউজিল্যান্ডের ফিফটি জুটি আর একটিই। সেটিও ৮৩ রানেরই, দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিলের।মেঘলা আবহাওয়া ও উইকেটের হালকা ঘাস টস জিতে ফিল্ডিং নিতে প্রলুব্ধ করেছিল মিসবাহ-উল হককে। যদিও পাকিস্তান অধিনায়কের এই সিদ্ধান্ত ঠিক হলো কি না, এ নিয়ে ভাষ্যকারেরা শুরুতেই আলোচনা জমিয়ে তুলেছেন। ৯ রানে টিম ম্যাকিন্টোশকে হারালেও ৭৮/১ অবস্থায় লাঞ্চে যায় নিউজিল্যান্ড। পতনের শুরু ম্যাককালাম থেকে। ৮৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ২০০-র আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় তারা। এর মধ্যে তিনজনই বাঁহাতি স্পিনার আবদুর রেহমানের শিকার। ৩০ ওভার বল করে ৫১ রানে ৩ উইকেট নেওয়া রেহমানই দিনের সফলতম বোলার।দিনের নায়ক অবশ্যই সাউদি। তিন টেস্টের ক্যারিয়ারে ৪২.৪০ গড়ে রান করা উইলিয়ামসনও আজ বাড়তি দুশ্চিন্তা হয়ে থাকবেন পাকিস্তানের। সূত্র: নিও ক্রিকেট।