নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজটা আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল পাকিস্তানের। তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়েই মাঠে নেমেছিল আফ্রিদীরা। এবার অবশ্য আর ব্যর্থ হয়নি তারা। সিরিজ হারলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১০৩ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে কিছুটা সম্মান নিয়েই নিউজিল্যান্ড সফরের প্রথম সিরিজটি শেষ করেছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের বেঁধে দেওয়া ১৮৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানেই গুটিয়ে গেছে কিউইরা। আগের দুই ম্যাচ হারের প্রতিশোধ নেওয়ার জন্যই বোধহয় প্রথম থেকেই বিধ্বংসী ভূমিকায় দেখা গেছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। অধিনায়ক শহীদ আফ্রিদি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর দুই ওপেনার আহমেদ শাহজাদ ও মোহাম্মদ হাফিজ রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন কিউই বোলারদের ওপরে। মাত্র আট ওভারেই তাঁরা তুলেছিলেন ৮০ রান। কিন্তু জেমস ফ্রাঙ্কলিন পরপর দুই ওভারে হাফিজ ও শাহজাদকে ফিরিয়ে দিলে রানের গতি অনেকখানিই কমে আসে পাকিস্তানের। শাহজাদ ৩৪ বলে ৫৪ ও হাফিজ ২৩ বলে ৩৪ রান করে আউট হন। আসাদ শফিক (৮) আর ইউনুস খানও (৫) বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। শেষ দিকে আবার ঝড় তোলেন উমর আকমল আর আবদুর রাজ্জাক। ১৯ বলে ৩০ রান করে কেইল মিলসের শিকারে পরিণত হয়ে ফিরে যান উমর আকমল। ১১ বলে ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রাজ্জাক। শেষ পাঁচ ওভারে পাকিস্তান স্কোরবোর্ডে যোগ হয়েছে ৬৬ রান।লক্ষ্যটা দুরুহ হলেও নিউজিল্যান্ডের পরাজয়টা যে এভাবে হবে এটা হয়তো কেউই ভাবে নি। ম্যাচের দ্বিতীয়াংশের এই লড়াইটার বর্ণনা নিউজিল্যান্ড বনাম পাকিস্তান না দিয়ে বরং স্কট স্টাইরিস বনাম পাকিস্তান দেওয়াই ভালো। নিউজিল্যান্ডের ৮০ রানের মধ্যে ৪৫ রানই এসেছে স্টাইরিসের ব্যাট থেকে। আর কোন কিউই ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন নি। রানের খাতা না খুলেই বিদায় নিয়েছে পাঁচজন। ব্যাট হাতে ১১ বলে ৩৪ রানের তাণ্ডবের পর বল হাতেও তিনটি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। শহীদ আফ্রিদী নিয়েছেন চারটি উইকেট। দ্বিতীয় উইকেটটি নেওয়ার পর টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফ্রিদী।— ক্রিকইনফোসংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ১৮৩/৬ (২০ ওভার)আহমেদ শাহজাদ ৫৪, মোহাম্মদ হাফিজ ৩৪, আবদুর রাজ্জাক ৩৪*, উমর আকমল ৩০জেমস ফ্রাঙ্কলিন ৩-০-১২-২, নাথান ম্যাককালাম ৪-০-২৯-১নিউজিল্যান্ড ৮০ অলআউট (১৫.৫ ওভার)স্কট স্টাইরিস ৪৫শহীদ আফ্রিদী ২.৫-০-১৪-৪, আব্দুর রাজ্জাক ৪-১-১৩-৩