নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ ভারতের
ভারত সফরের প্রথম দুই টেস্ট সমানে সমানে লড়ে ড্র করলেও সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ভারতের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। কিউইদের এক ইনিংস ও ১৯৮ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।তৃতীয় দিন শেষেই অনুমান করা যাচ্ছিল ভারতই টেস্টটি জিততে যাচ্ছে। কিন্তু জয়টা যে এত তাড়াতাড়ি এসে যাবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। চতুর্থ দিনের শুরুতে ভারতীয় স্পিনারদের ঘূর্ণি দিশেহারা করে দেয় কিউই ব্যাটসম্যানদের। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৫ রানে। আগের দিন বিকেলেই ম্যাকিনটশকে ফিরিয়ে দিয়ে জয়ের পথে ভারতকে এগিয়ে দিয়েছিলেন হরভজন সিং। চতুর্থ দিনের সকালে তৃতীয় দিন বিকেলের ২৪ রানের সঙ্গে মাত্র ১৪ রান যোগ করতেই প্রজ্ঞান ওঝার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ম্যাককালাম ও গাপটিল। ওঝার পর হরভজন সিং তাঁর স্পিনে ঘায়েল করেন হপকিনস আর টেইলরকে। খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি উইলিয়ামসন, রেইডার ও ভেট্টরিও। মাত্র ৭ ওভারের মধ্যেই তাঁদের সাজঘরমুখী করেন ইশান্ত শর্মা আর সুরেশ রায়না।নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান এসেছে টিম সাউদি আর অ্যান্ডি ম্যাককের জুটি থেকে। উইকেটেও এই জুটির স্থায়িত্ব সবচেয়ে বেশি। নবম উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ৫১ রান। কিন্তু তাঁদের ইনিংসটা খুব বেশি দীর্ঘ হতে দেননি ইশান্ত শর্মা। মধ্যাহ্ন বিরতির পর নতুন স্পেলের প্রথম দুই বলেই সাউদি আর ম্যাককেকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেছেন এই ফাস্ট বোলার।১৯১ রানের মহাকাব্যিক ইনিংসটি খেলে ম্যাচসেরা হয়েছেন রাহুল দ্রাবিড়। সিরিজ সেরার পুরস্কার উঠেছে ‘অলরাউন্ডার’ হরভজন সিংয়ের হাতে। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ১৯৩ (১ম ইনিংস)রাইডার ৫৯ইশান্ত শর্মা ৪/৪৩ভারত ৫৬৬/৮ (১ম ইনিংস)রাহুল দ্রাবিড় ১৯১ভেট্টরি ৩/১৭৮নিউজিল্যান্ড ১৭৫ (২য় ইনিংস)সাউদি ৩১ইশান্ত শর্মা ৩/১৫হরভজন সিং ৩/৫৬ভারত ইনিংস ও ১৯৮ রানে জয়ী।