নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীকান্ত
বাংলাদেশের কাছে ওয়ানডেতে ৪-০তে হোয়াইটওয়াশ হয়ে এই মুহূর্তে নিজেদের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দেশটির অনেক ক্রিকেটবোদ্ধাই বলছেন, এর চেয়ে খারাপ সময় নাকি আর আসেনি নিউজিল্যান্ডের ক্রিকেটে। এমন একটা তোলপাড় করা সময়ে কোথায় দেশে বসে নিজেদের ক্রিকেট নিয়ে ভাববেন তাঁরা, তা নয়, নিউজিল্যান্ডকে যেতে হয়েছে ভারতের মাটিতে তাও আবার টেস্ট খেলতে। এই মুহূর্তের আইসিসি টেস্ট র্যাকিংয়ের শীর্ষে থাকা ভারত নিউজিল্যান্ডকে বাগে পেয়ে নিশ্চয় খুশিতে ডগমগ। এর আগে এমন ‘মনমরা’ নিউজিল্যান্ড দলকে ঘরের মাঠে ভারত পেয়েছিল কি না, সন্দেহ। আত্মবিশ্বাসের একদম তলানিতে থাকা নিউজিল্যান্ড দলকে হারানোর ব্যাপারে তাই ‘আকাশসম’ আত্মবিশ্বাসী ভারতীয় দল। নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস ভারত তার প্রতিবেশী বাংলাদেশের কাছ থেকে পেয়েছে বললে বোধ করি একটু বাড়াবাড়িই হয়ে যায়। মাত্র কয়েক দিন আগে ঘরের ‘উঠোনে’ পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পর আর কাকে পাত্তা দিতে চাইবে ভারত!সম্পূর্ণ বিপরীত প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকা দুটো দলের লড়াইয়ে এগিয়ে থাকবে কোন দল, তা বলতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে তাই মোটামুটি নিশ্চিন্তই ভারতের ক্রিকেট-সংশ্লিষ্টরা। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভারতই জিতবে। কেবল তা-ই নয়, সিরিজটিও যে ভারত জিততে যাচ্ছে এ ব্যাপারেও শ্রীকান্তের মনে কোনো সন্দেহ নেই।নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীকান্ত বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটাররা খুবই চমৎকার খেলেছে। জুনিয়ররা সিনিয়রদের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছে। বোলাররাও অসাধারণ বল করেছে। এসব দিক মাথায় রেখেই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। আমি আত্মবিশ্বাসী, নিউজিল্যান্ডের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখবে ভারতীয় দল।’