নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারাল শ্রীলঙ্কা
জয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ২০০ রানের বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে তিন উইকেটে হেরেছে নিউজিল্যান্ড।টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই মার্টিন গুপ্তিলকে সাজঘরে পাঠান মালিঙ্গা। দলীয় ৪৭ রানের মাথায় একই ওভারে রস টেলর আর উইলিয়ামসনের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপের মুখে ফেলে দেন এঙ্গেলো ম্যাথিউ। চতুর্থ উইকেট জুটিতে ৫২ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ওয়াল্টিং ও স্টাইরিস। কিন্তু ২৪ রান করে হেরাথের বলে জয়াবর্ধনের হাতে ধরা পড়েন স্টাইরিস। পরের ওভারেই ৫৫ রান করে ম্যাথিউর বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়াল্টন। নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ১০১ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১১ বল বাকি থাকতেই ১৯২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড ইনিংস। ১৯৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই দিলশানের উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে উপল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে ৮৫ রান যোগ করেন অধিনায়ক সাঙ্গাকারা। ৪৮ রান করে স্টাইরিসের শিকারে পরিণত হন সাঙ্গাকারা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করে জয়ের পথে দলকে অনেকখানিই এগিয়ে দেন থারাঙ্গা ও সামারাবিরা। দলীয় ১৬২ রানের মাথায় ৭০ রান করে ফিরে যান থারাঙ্গা। পরবর্তী তিন ওভারে মধ্যেই আরও তিনটি উইকেট তুলে নিয়ে সবারই হূদস্পন্দন বাড়িয়ে দেন নিউজিল্যান্ড বোলাররা। চার উইকেটে ১৬২ রান থেকে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় সাত উইকেটে ১৮০ রান। কিন্তু হার ঠেকানো সম্ভব হয়নি নিউজিল্যান্ডের পক্ষে। নয় ওভার বাকি থাকতেই তিন উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ৩৬ রান করে অপরাজিত ছিলেন সামারাবিরা। ১৬ আগস্ট সিরিজের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত।