নিউজিল্যান্ডকেও ভয় ইতালির!
শক্তির বিচারে ‘এফ’ গ্রুপের সবচেয়ে ছোট দল হিসেবে ভাবা হচ্ছে নিউজিল্যান্ডকে। আর সবচেয়ে বড় দল ইতালি। অথচ কাল রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে সেই ছোট দলকেই যত ভয় বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির।চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ১৭ বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে দলটি। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হিসেবে ফুটবলারদের আত্মবিশ্বাসেরও কমতি থাকার কথা নয়। কিন্তু কোচ মার্সেলো লিপ্পির গড়া ‘বুড়োদের দল’ হিসেবে পরিচিতি পাওয়া ইতালির সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও সুবিধাজনক নয়। নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সংগ্রহও ইতালির সমান—এক পয়েন্ট। স্লোভাকিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নিউজিল্যান্ডকে হারাতেই হবে ইতালির।দক্ষিণ আফ্রিকায় গত বছর অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপের আগে প্রীতি ম্যাচে বর্তমান র্যাঙ্কিংয়ে ৭৮তম স্থানে থাকা নিউজিল্যান্ডকে হারাতে ঘাম ঝরাতে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় পেয়ে লজ্জা এড়াতে সক্ষম হয় ইতালি। এবার আবারও যখন সেই একই প্রতিপক্ষ, ইতালির ফুটবলারদের মনে শঙ্কা জাগাটাই স্বাভাবিক।চোটের কারণে আগামী ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তাঁর অনুপস্থিতিতে ইতালির গোলবার রক্ষার দায়িত্ব পাচ্ছেন অনভিজ্ঞ ফেদেরিকো মারচেত্তি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড সম্পর্কে মারচেত্তি রয়টার্সকে বলছেন, ‘আমরা জানি, নিউজিল্যান্ডের ফুটবলাররা শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী। বেশ ভালো খেলে তাঁরা।’প্রতিপক্ষ নিয়ে সতীর্থ মারচেত্তির মতো শঙ্কায় আছেন দোমেনিকো ক্রিসিতো। ইতালির এই ডিফেন্ডার বলছেন, ‘শুরু থেকেই ভয়ংকর নিউজিল্যান্ড। আমরা হারের আশঙ্কা করছি না। তবে লড়াই করেই তাদেরকে হারাতে হবে।’ অন্যদিকে নিউজিল্যান্ডের ডিফেন্ডার টমি স্মিথ বলছেন, ‘আমাদের হারানোর কিছু নেই। আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশাও কেউ করছে না। আমরা শুধু আমাদের সেরাটা খেলে যেতে চাই। বিশ্বসেরা দলের বিপক্ষে আমরা কতটা ভালো করতে পারি, এটাই দেখার বিষয়।’