নিউজিল্যান্ডে ভারতের দুর্দশা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রস টেলরের শতকে ৭ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড
রস টেলরের শতকে ৭ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড

ক্রিকেট অঙ্গনে নিজেদের আধিপত্য পাকাপোক্ত করতে উঠেপড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের সুরে সুর না মেলালে এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছেন বিসিসিআইপ্রধান। কিন্তু যে খেলাটার জন্য এত কিছু, সেই ক্রিকেট মাঠে চরমভাবেই ব্যর্থ ভারতীয়রা। কয়েকদিন আগেই যে দলটি বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরে গেছে, সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ হেরেছেন মহেন্দ্র সিং ধোনিরা। আজ চতুর্থ ম্যাচে ৭ উইকেটের জয় দিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
ব্যবধানটা ৩-০ না হয়ে ৪-০-ই হতে পারত। তৃতীয় ম্যাচটাও প্রায় জিতেই গিয়েছিল কিউইরা। শেষ ওভারেও জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৮ রান। কিন্তু পুরো ম্যাচেই দারুণ বোলিং করা কোরি অ্যান্ডারসন সেই শেষ ওভারটাতেই ব্যর্থ হয়েছিলেন। আর দারুণ ব্যাটিং করে ম্যাচটা টাই করিয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিছু সময়ের জন্য হলেও মান বাঁচিয়েছিলেন ভারতীয় শিবিরের। কিন্তু আজ সিরিজ হারের লজ্জা মেনে নিতেই হলো ভারতকে।
আজ জয়ের জন্য ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি ঘামও ঝরাতে হয়নি নিউজিল্যান্ডকে। দারুণ ফর্মে থাকা কেন উইলিয়ামসন, রস টেলর আর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের দুর্দান্ত ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা।
দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে উইলিয়ামসন করেছিলেন ৬০ রান। এ নিয়ে টানা চারটি ম্যাচেই অর্ধশতকের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক কোনো সিরিজে পাঁচটি অর্ধশতক খেলার রেকর্ডটি আছে ইয়াসির হামিদের দখলে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আরেকটি অর্ধশতক করলেই সেই রেকর্ডে ভাগ বসাতে পারবেন উইলিয়ামসন।
ওয়ানডে ক্যারিয়ারের নবম শতকটি করে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন টেলর। শেষ পর্যন্ত তাঁর নামের পাশে লেখা হয়েছে ১১২ রান। ৩৬ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অধিনায়ক ম্যাককালামও। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ম্যাককালাম আজ নিজের চেনা চেহারায় ফিরেছেন। ছক্কা হাঁকিয়ে জয়ও নিশ্চিত করেছেন তিনি। দুই ওপেনার মার্টিন গাপটিল (৩৫) ও জেসি রেইডারও (১৯) শুরুটা করেছিলেন ভালোভাবেই। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৫৪ রান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৭৯, অধিনায়ক ধোনির অপরাজিত ৭৯ ও জাদেজার ৬২ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ২৭৮ রান যোগ করেছিল ভারত।
আইসিসির সভায় ভারতীয় ক্রিকেটের কর্তাব্যক্তিরা ব্যস্ত ক্ষমতা আর অর্থকড়ির হিসাব নিয়ে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে তারাই হতে চায় ক্রিকেটের ভাগ্য নির্ধারক। কিন্তু ক্ষমতা আর অর্থের ঝনঝনানিতে ক্রিকেটটাকেই কী গৌণ বানিয়ে ফেলছে ভারত? নিউজিল্যান্ডের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ হারের পরও কী তাদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না? প্রসঙ্গত, জানিয়ে রাখা যায়, ভারত নিজেদের শেষ ছয়টি ওয়ানডের একটিতেও জয় পায়নি। সর্বশেষ আট ওয়ানডেতে জিতেছে মাত্র একটিতে।