নিউজিল্যান্ডে শেষ বুকানন-অধ্যায়
শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রিকেট পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন জন বুকানন। অস্ট্রেলিয়ার সাবেক কোচ কারণ দেখিয়েছেন ‘পারিবারিক’। সিদ্ধান্তটি এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) নতুন নির্বাচন কার্যপ্রণালি ঘোষণা করার কয়েক মিনিট পরই, যাতে বলা হয়েছে দলে কোচের কথাই হবে শেষ কথা। এর মাধ্যমে শেষ হলো নিউজিল্যান্ডে বুকাননের দুই বছরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ অধ্যায়ের। ২০১১ সালের মে মাসে ‘ক্রিকেট পরিচালক’ নামে নতুন পদ সৃষ্টি করে বুকাননকে নিয়ে আসে এনজেডসি। চুক্তিটা ছিল ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত। দলের কোচিং-দর্শন এবং নিউজিল্যান্ডের হাইপারফরম্যান্স কর্মসূচির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। উদ্দেশ্য ছিল একটাই, ১৯৯৯ থেকে ২০০৭—আট বছরে অস্ট্রেলিয়াকে তিনটি বিশ্বকাপ জেতানো বুকাননের উর্বর মস্তিষ্ককে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটকে জাগিয়ে তোলা। উল্লেখ্য, ওয়ানডে র্যাঙ্কিংয়ে তখন বাংলাদেশেরও নিচে ছিল নিউজিল্যান্ড। কিন্তু গতানুগতিক ধারার পরিবর্তে তাঁর ভিন্ন ধারার কোচিং দর্শন অস্ট্রেলিয়া দলকে সাফল্য এনে দিতে পারলেও এনজেডসির অনেকেই তা পছন্দ করেননি। তাঁর যোগদানের পরের বছরই নিউজিল্যান্ডের তৎকালীন কোচ জন রাইট পদত্যাগ করেন। বুকাননের অনেক সিদ্ধান্তই মেনে নিতে পারেননি রাইট। বিতর্কিতভাবে অস্ট্রেলিয়ার সাবেক লন বল ম্যানেজার কিম লিটলজনকে নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক নিয়োগ করেন বুকানন। রস টেলরকে সরিয়ে বিতর্কিতভাবে ব্রেন্ডন ম্যাককালামকে অধিনায়ক করা নিয়ে এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটের সঙ্গেও তাঁর সম্পর্কটা ভালো যাচ্ছিল না। মূলত তখন থেকেই নিজেকে একরকম গুটিয়ে রেখেছিলেন বুকানন। এদিকে প্রধান নির্বাচক কিম লিটলজনও জানিয়ে দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে মেয়াদ পূর্তির পর আর চুক্তি নবায়ন করবেন না। ক্রিকইনফো, এএফপি।