হ্যামিল্টন টেস্টের দুই দিন আগে কয়েকজন লোক অবাক হয়ে দেখছিলেন সেডন পার্কের পিচ। তাঁদের দৃষ্টিতে প্রশ্নবোধক চিহ্ন। উৎসুক চোখগুলোর ঔৎসুক্য মেটাতে এগিয়ে এলেন গ্রাউন্ডম্যান কার্ল জনসন। উল্টো প্রশ্ন করলেন, ‘বিয়ের দিনের আগেই কি কনে বিয়ের পোশাক পরে আর মেকআপ নেয়?’লোকগুলোর অবাক হয়ে মাঠের এক চিলতে জমিটুকুর দিকে তাকিয়ে থাকার কারণ পিচের রং। একেবারে সবুজ গালিচা, ঠিক যেন দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের মতো। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের চার পেসার নিয়ে নামার সম্ভাবনার জন্যই কি এই সবুজ ঘাসের সমারোহ? কিন্তু এই সবুজে তো উৎফুল্ল হওয়ার কথা ডেল স্টেইনদের।দক্ষিণ আফ্রিকা পেস-বান্ধব এই পিচকে তো স্বাগত জানাবেই। ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডারের মতো ফাস্ট বোলার রয়েছে দলটির। আর তাই শেষ পর্যন্ত জনসন তাঁদের এই সুবিধাটুকু দেবেন, এমনটা ভাবার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না আলভিরো পিটারসেন। এই প্রোটিয়া ওপেনারের যুক্তি, ‘এটাকে এখন সবুজ দেখাচ্ছে, তবে জানি না, ঠিক কতক্ষণ সবুজ থাকবে। আমাদের দলটাকে দেখুন, আমাদের যেসব অস্ত্র আছে, তাতে মনে হয় না, তারা পিচটাকে সবুজ রেখে দেবে।’তবে কাল (বাংলাদেশ সময় ভোর রাত তিনটা) শুরু দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড চার পেসার নিয়ে খেলুক বা না খেলুক, দলে একটা পরিবর্তন আসছেই। দল থেকে বাদ পড়া বোলার টিম সাউদির জায়গায় খেলতে পারেন পেসার ব্রেন্ট আরনেল, মার্ক গিলেস্পি অথবা লেগ স্পিনার তরুণ নেথুলার যে কেউ। তবে সম্ভাবনা কম ভারতের অন্ধ্র প্রদেশে জন্মানো নেথুলার।তবে ম্যাচ শুরুর সময় পিচের এই সবুজাভ ভাবটা থাকবে না বলেই বিশ্বাস করেন কিউই কোচ জন রাইট, ‘এটা সব সময় এ রকমই ছিল। তবে দুই দিনের রোদ পেলেই এটা বাদামি হয়ে যাবে, হয়ে উঠবে ব্যাটিং-স্বর্গ।’বৃষ্টি শেষ দিনটা খেয়ে নেওয়ায় ফল আসেনি ডানেডিনে। এখন হ্যামিল্টনে আবহাওয়া বাগড়া না দিলেই হয়। ওয়েবসাইট।