ঠিক যেন ভোজবাজি। গমগম করা রাজপুরীকে মুহূর্তেই শ্মশান হতে দেখল কাল হ্যামিল্টন টেস্ট। ৪৮.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩৩। ২০ বল পরে স্বাগতিকদের রানের ঘরে সেই ১৩৩ রানই। কিন্তু উইকেটের ঘরে দেখাচ্ছিল ৭! অবিশ্বাস্য এক ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে স্বাগতিকেরা ম্যাচের লাগাম তুলে দিল দক্ষিণ আফ্রিকার হতে। দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে নিউজিল্যান্ড অলআউট ১৮৫ রানে। তবে দিনের খেলা শেষ হওয়ার আগে ক্রিস মার্টিনের জোড়া আঘাতে স্বস্তিতে নেই সফরকারীরাও।কাল সারা দিনে খেলা হয়েছে ৭২.২ ওভার। বৃষ্টির বাধা আসে দ্বিতীয় সেশনের শুরুতে। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ১১ রানেই হারায় ওপেনার রব নিকোলকে। ৪৪ রানে আউট আরেক ওপেনার মার্টিন গাপটিলও। এরপরই ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক রস টেলরের জুটি। বৃষ্টির আগে পড়ে দুজনে মিলে গড়লেন ৮৯ রানের জুটি। প্রথম টেস্টের চতুর্থ দিনে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু হয়েছিল দুজনের ব্যাটিং।বিপর্যয়ের সূচনা ইনিংস-সর্বোচ্চ ৬১ রান করা ম্যাককালামকে দিয়ে। প্রথম আঘাতটা হানেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ডেল স্টেইন। তাঁর শর্ট বলে ডিপ স্কোয়ার লেগে রুডলফের হাতে ক্যাচ দিতে বাধ্য হন ম্যাককালাম। পরের ওভারে রস টেলরকে ফেরান ইনিংসে ৪ উইকেট নেওয়া ভারনন ফিল্যান্ডার। সাত বল পর শূন্য রানে বিদায় কেন উইলিয়ামসের। পরের ওভারে চার বলের মধ্যে ড্যানিয়েল ভেট্টোরি ও ডগ ব্রেসওয়েলকে আউট করে স্বাগতিকদের হেনস্তার চূড়ান্ত করেন ফিল্যান্ডার। ৭০ রানে ৪ উইকেট; এই নিয়ে ছয় টেস্টের ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইনিংসে ৪ উইকেট পেলেন এই পেসার।গ্রায়েম স্মিথকে অষ্টমবারের মতো আউট করার পর কিউই পেসার ক্রিস মার্টিন ফিরিয়ে দেন ‘নৈশপ্রহরী’ ডেল স্টেইনকেও। আর এটাই ম্যাচে রেখেছে স্বাগতিকদের। ওয়েবসাইট।