নিউজিল্যান্ডের কোচ হেসন
ম্যাথু মট ছিটকে যাওয়ার পর লড়াইয়ে টিকেছিলেন ট্রেন্ট উডহিল ও মাইক হেসন। এখনকার সহকারী কোচ বলে কিছুটা এগিয়ে ছিলেন উডহিল। তবে শুরুতে সবচেয়ে পিছিয়ে ছিলেন যিনি, শেষ পর্যন্ত তিনিই পেলেন দায়িত্বটা। নিউজিল্যান্ড ক্রিকেট দলের নতুন কোচ হলেন হেসন। তাঁর চুক্তি ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত।নিউজিল্যান্ড ক্রিকেটের ক্রিকেট পরিচালক জন বুকাননের সঙ্গে মতের মিল না হওয়ায় চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই সরে দাঁড়াচ্ছেন বর্তমান কোচ জন রাইট। আগস্টের ভারত সফর থেকে শুরু হয়ে যাবে হেসন-অধ্যায়। ৩৭ বছর বয়সে টেস্ট দলের কোচ হয়ে যাওয়া একটু বিস্ময়করই। তবে হেসনের কোচিং ক্যারিয়ার আরও অবাক করার মতো। আন্তর্জাতিক ক্রিকেট বহুদূর, প্রথম শ্রেণীর ক্রিকেটও কখনো খেলেননি। ওটাগোর দ্বিতীয় একাদশের হয়ে টুকটাক খেলেছেন! বয়স কম হলেও অভিজ্ঞতা কম নয়। মাত্র ২২ বছর বয়সেই যে শুরু করেছিলেন কোচিং! ওটাগো ক্রিকেটের ডিরেক্টর অব কোচিংয়ে শিক্ষানবিশ ছিলেন সাত বছর। ২০০৩ সালে হয়ে যান ওটাগোর সহকারী কোচ, পরের বছরই মূল কোচ। তাঁর কোচিংয়েই ২০ বছরের মধ্যে প্রথম কোনো ট্রফি পায় ওটাগো, তলানির দল থেকে হয়ে ওঠে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের বড় শক্তি। কিছুদিন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে থেকে আবারও ফেরেন ওটাগোতে। ২০১১ বিশ্বকাপের পর দুই বছরের জন্য দায়িত্ব নেন কেনিয়ার। তবে পরিবারের নিরাপত্তার শঙ্কায় মাত্র ১০ মাস পরই ছেড়ে দেন কেনিয়ার কোচের চাকরি। এবার সুযোগ পেয়ে গেলেন নিজ দেশকে র্যাঙ্কিংয়ের তলানি থেকে ওপরে তুলে আনার।