নিউজিল্যান্ডের গো-অভ্যর্থনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরের মাঝামাঝিতে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সামনে রেখে চট্টগ্রাম নগরজুড়ে অসংখ্য স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। নগরের বড় কয়েকটি বাজারের অন্যতম সাগরিকা গরুর বাজার তো প্রতিদিনই বসছে। ঈদ উপলক্ষে কিছু কিছু গরু নগরে ঢুকতে শুরু করেছে এখনই।
অথচ ১ অক্টোবর চট্টগ্রামে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ৯ অক্টোবর থেকে প্রথম টেস্ট। মাঠ, হোটেল সবই প্রস্তুত। কিন্তু অতিথি কিংবা ঘরের ক্রিকেটাররাও যে সাগরিকা গরুর বাজারের বিড়ম্বনায় পড়তে পারেন, এটা কারও মাথায়ই আসেনি।
সাগরিকা গরুর বাজারটি ঈদের দিন পনেরো আগে থেকেই জমজমাট হয়ে ওঠে। মূল বাজার পেরিয়ে এটি উঠে আসে স্টেডিয়ামমুখী সড়কটিতেও। সড়ক ধরে গাড়ি নিয়ে দূরে থাক, হেঁটে যাওয়ারও উপায় থাকে না তখন। সঙ্গী হয় গরুর লাথি-গুঁতো। গোবর আর গোচনার দুর্গন্ধ তো রয়েছেই।
এ অবস্থায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কীভাবে সম্ভব টেস্ট ম্যাচ আয়োজন? তার আগে এখানে অনুশীলনই বা কীভাবে করবে দলগুলো? এ বিষয়টা যে এখনো সংশ্লিষ্টদের মাথায়ই নেই, সেটা বোঝা যায় ভেন্যু ম্যানেজার ফজলে বারী খানের মন্তব্যে, ‘মাঠ ও অন্যান্য প্রস্তুতি ভালো। আমরা এখনো গরুর বাজার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। বাজার কমিটির সঙ্গে বৈঠক করতে হবে। প্রশাসনের সঙ্গে কথা বলে কী করা যায়, সিদ্ধান্ত নিতে হবে।’ সমস্যাটা নিয়ে যে আয়োজকদের এখনো কোনো উদ্যোগ নেই, সে আভাস বাজারের ইজারাদার সাইফুল ইসলামের কথায়, ‘এটি চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর বাজার। বছরের ৩৬৫ দিনই এই বাজার বসে। ঈদের আগে আরও বেশি জমজমাট হয়। রাস্তায়ও বাজার বসে তখন। স্টেডিয়াম কিংবা পুলিশ কর্তৃপক্ষ খেলার বিষয়ে আমাদের এখনো কোনো নির্দেশনা দেয়নি।’
চট্টগ্রামে আসার পর ২ ও ৩ অক্টোবর সাগরিকা স্টেডিয়ামে অনুশীলন করার কথা আছে নিউজিল্যান্ড দলের। ৪ অক্টোবর থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে তিন দিনের অনুশীলন ম্যাচ। এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে ওই রকম কোনো সমস্যা হবে না। তবে বিসিবি কিংবা আয়োজকদের চিন্তা না থাকলেও সাগরিকার পশুর হাট নিয়ে চিন্তিত পুলিশ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল টেস্ট ম্যাচ আর গরুর হাট একই সঙ্গে চালানোটা খুব সহজ হবে না বলেই মনে করছেন, ‘টেস্ট ম্যাচের সময় সর্বোচ্চ গরু বেচাকেনা হবে। ওই সময় স্টেডিয়ামমুখী সড়ক ফাঁকা রাখা কঠিন চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। এ জন্য আগে থেকে পরিকল্পনা দরকার। অথচ বিসিবির পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’