স্বাগতিক শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার এইটও। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একটি করে জয় ও হার নিয়ে সুপার এইটে উঠেছে দুই দলই। দলীয় শক্তির বিচারেও দুই দলকে আলাদা করা কঠিন। নিজের দেশে, পরিচিত কন্ডিশনে খেলা বলে একটু হলেও এগিয়ে শ্রীলঙ্কা—সহজ হিসাব বলছে এটাই। কিন্তু এই নিউজিল্যান্ডের বিপক্ষে কি এই হিসাবটা খাটছে?গ্রুপ পর্বের দুটি ম্যাচই নিউজিল্যান্ড খেলেছে পাল্লেকেলেতে। সুপার এইটের সব ম্যাচও খেলবে এখানেই। আর শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচ দুটি খেলেছে সেই হাম্বানটোটায়। আবার সুপার এইট খেলতে চলে আসতে হয়েছে দেশের আরেক প্রান্ত ক্যান্ডিতে। এই বিশ্বকাপের আলোচিত বিষয়গুলোর একটি পাল্লেকেলের উইকেট। সেই উইকেটের সঙ্গে সম্প্রতি কিউইদেরই তো ভাব বেশি! সঙ্গে আরেকটি তথ্য, শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে দুবার মুখোমুখি হয়েছে এই দুই দল। দুবারই জিতেছে কিউইরা।শ্রীলঙ্কা অবশ্য এসব নিয়ে ভাবার সুযোগই পাচ্ছে না। নিজেদের কিছু সমস্যা নিয়েই বিপর্যস্ত তারা। অনেক সমস্যা সমাধানের আলোকবর্তিকা হয়ে এসেছিলেন যিনি, সেই অজন্তা মেন্ডিসই এখন সবচেয়ে বড় সমস্যা। স্বপ্নের মতো টুর্নামেন্ট শুরু করে মেন্ডিস পড়ে গেছেন দুঃস্বপ্নের ঘোরে। পিঠের চোট কাটিয়ে নয় মাস পর ফিরেই জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নিলেন ৮ রানে। ওই ম্যাচেই আবার চোট, ‘সাইড স্ট্রেইন’। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠেই নামতে পারলেন না। মাহেলা জয়াবর্ধনে তখন বলেছিলেন, সাবধানতার জন্যই খেলানো হয়নি মেন্ডিসকে। কিন্তু ৮ দিনেও অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। আজও মাঠে নামা নিয়ে আছে যথেষ্ট সংশয়।লঙ্কান কোচ গ্রাহাম ফোর্ডের কণ্ঠে সেই শঙ্কা, ‘মেন্ডিস যেভাবে বোলিং করে এবং যে ‘এক্স-ফ্যাক্টর’ নিয়ে আসে, ওকে না পাওয়াটা হবে বড় একটা আঘাত। টি-টোয়েন্টিতে এমন সব ক্রিকেটার প্রয়োজন যারা ম্যাচ জেতাতে পারে, মেন্ডিস নিঃসন্দেহে তেমন একজন।’ মেন্ডিস খেলতে না পারলে অভিষেক হয়ে যাবে নতুন রহস্য স্পিনার আকিলা দনঞ্জয়ার। সমস্যার এখানেই শেষ নয়। উদ্বোধনী জুটি জমছেই না। অনেক প্রত্যাশায় দলে নেওয়া দিলশান মুনাবীরা ঘরোয়া ক্রিকেটের ফর্মের ছিটেফোঁটাও দেখাতে পারেননি। আজ তাই বাঁহাতি এই ওপেনারের জায়গায় সম্ভবত ফিরবেন দিনেশ চান্ডিমাল। তিলকরত্নে দিলশানের সঙ্গে প্রিয় জায়গা ওপেনিংয়ে ফিরবেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কার দুশ্চিন্তা লাসিথ মালিঙ্গার ফর্মও। বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র দুই ম্যাচেই ছিলেন নিষ্প্রভ।নিউজিল্যান্ডের সমস্যা তেমন কিছু নেই। পেটের পীড়ার কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে না পারা মার্টিন গাপটিল ফিরছেন ওপেনিংয়ে। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর পাকিস্তানের বিপক্ষেও রান পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। টেলর পাকিস্তানের বিপক্ষে ছোট্ট একটা ঝড় তুলেছিলেন ব্যাটে। ড্যানিয়েল ভেট্টোরিও ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজেকে। সব মিলিয়ে বড় টুর্নামেন্টে একটা পর্যায় পর্যন্ত ভালো করার ধারাবাহিকতা যথারীতি ধরে রেখেছে কিউইরা। ওয়েবসাইট।তবে মাঠের বাইরের সব হিসাব তো মাঠে মিথ্যা প্রমাণিত হয়ই। টি-টোয়েন্টিতে তো আরও বেশি। দুই অলরাউন্ড দলের লড়াই তাই শেষ পর্যন্ত জমজমাট হওয়ার কথা। যদি না বাদ সাধে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস কিন্তু বলছে, পাল্লেকেলেতে আজ বৃষ্টির আশঙ্কা ভালোই আছে!