নিউজিল্যান্ডের প্রস্তুতিতে ম্যাকমিলানের প্রশ্ন
বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ! চলতি ভারত সফরের পারফরম্যান্সও হতাশাজনক। টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দুটিতেই হার। সব মিলিয়ে সর্বশেষ আট ওয়ানডের সবকটিতেই হার! অথচ বিশ্বকাপ ক্রমেই ঘনিয়ে আসছে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান।ডমিনিয়ন পোস্টকে দেওয়া সাক্ষাত্কারে ম্যাকমিলান বলেন, ‘বিদেশ সফরে দল কীভাবে খেলছে, বিশ্বকাপ প্রস্তুতি কীভাবে এগিয়ে চলেছে, ক্রিকেটারদের পারফরম্যান্স—এসব অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমি বিশ্বাস করি না, নিউজিল্যান্ড দল স্থিতিশীল। আমি এ-ও বিশ্বাস করি না, সেরা দলটা কী হবে তা নির্বাচকেরা জানেন।’বাংলাদশ সফরের আগে ডেনিয়েল ভেট্টোরি জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে এ সফরই হবে নিউজিল্যান্ডের আদর্শ প্রস্তুতি। ভারত সফরের আগেও একইভাবে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন কিউই অধিনায়ক। ভেট্টোরির এই মানসিকতার সমালোচনা করে ম্যাকমিলান বলেন, আত্মবিশ্বাসটা আরও নিচে থাকা উচিত। বাংলাদেশ সফরে ব্যর্থতার পর ভারত সফরের আগে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। —ওয়েবসাইট।