নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবই অধিনায়ক
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজের বাকি ম্যাচগুলোয় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পায়ে আঘাত পেয়ে মাঠের বাইরে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত নেয়। আজ শুক্রবার বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বল করতে গিয়ে চোট পান মাশরাফি। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর। বাকি সময় সহ-অধিনায়ক সাকিব দলকে নেতৃত্ব দেন। ওই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের কাছে নয় রানে হারে নিউজিল্যান্ড। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, এই সিরিজে অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হওয়ায় সাকিবকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো কাউকে সহ-অধিনায়ক করা হয়নি। যদি প্রয়োজন হয়, সাকিব নিজেই যে কাউকে মাঠে এ দায়িত্ব দিতে পারেন।"সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার আগে মাশরাফির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে বলেও তিনি জানান।এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি আঘাত পাওয়ার পর সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় খেলা বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। তৃতীয় ম্যাচ হবে ১১ অক্টোবর, সোমবার। সিরিজে বাংলাদেশ ১-০-তে এগিয়ে।