নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অনেকেই শেন বন্ডকে তুলনা করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গে। কিন্তু বারবার ইনজুরির কবলে পড়ায় ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘায়িত করতে পারেননি কিউই পেসার শেন বন্ড। দীর্ঘ নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি টেস্ট খেলতে পেরেছেন মাত্র ১৮টি। তবে এবার নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে বন্ডের। কিউইদের নতুন বোলিং কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে শেন বন্ডের নাম।২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই নিউজিল্যান্ডের বোলিং কোচ হওয়ার ইচ্ছাটা জানিয়েছিলেন শেন বন্ড। অবশেষে সেই স্বপ্নটা বাস্তবে পরিণত হওয়ার পর ৩৭ বছর বয়সী বন্ড বলেছেন, ‘অবসর নেওয়ার পর থেকেই আমার মাঝে এই দায়িত্বটা নেওয়ার ইচ্ছা জাগে। নিউজিল্যান্ডের হয়ে খেলাটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল। আর আমি নিশ্চিত, কোচ হিসেবেও একই ঘটনা ঘটতে যাচ্ছে।’নতুন এই ভূমিকায় শেন বন্ডকে দেখা যাবে আগামী মাসেই। শ্রীলঙ্কা সফরেই নিউজিল্যান্ডের নতুন বোলিং কোচ হিসেবে দেখা যাবে সাবেক এই কিউই পেসারকে। শেন বন্ড নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে নতুন মাত্রা নিয়ে আসতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক জন বুকানন। তিনি বলেছেন, ‘সামনের দিনগুলোতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিযোগিতায় অংশ নিতে হবে। আর শেন বন্ডকে নতুন বোলিং কোচ হিসেবে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। ক্রিকেট সম্পর্কে তাঁর জ্ঞান নিশ্চিতভাবেই দলের জন্য অনেক ভালো ফল বয়ে আনবে।’— টাইমস অব ইন্ডিয়া