চেতেশ্বর পূজারার অনবদ্য ব্যাটিংয়ে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৪৩৮ রান সংগ্রহ করেছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে নিউজিল্যান্ড। প্রজ্ঞান ওঝা ও রবীচন্দন অশ্বিনের ভালো বোলিংয়ে ১০০ রানের কোটা পূরণ করার আগেই পাঁচ উইকেট হারিয়েছে কিউইরা। আজ দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ১০৬ রান। ৩১ রান করে অপরাজিত আছেন জেমস ফ্রাঙ্কলিন।প্রথম ইনিংসে ভারতের করা ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারের মধ্যে মাত্র ২৯ রান জমা করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার ব্রান্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। দুই ওভার পরে অধিনায়ক রস টেলরও ধরেন সাজঘরের পথ। কয়েক ওভার পরে আবারও কিউই শিবিরে আঘাত হানেন অশ্বিন। এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ড্যানিয়েল ফ্লেন। পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কেন উইলিয়ামসন ও জেমস ফ্রাঙ্কলিন। কিন্তু দিন শেষ হওয়ার দুই ওভার আগে উইলিয়ামসনকে আউট করে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যান প্রজ্ঞান ওঝা। তার আগে ৩২ রান এসেছিল উইলিয়ামসনের ব্যাট থেকে।এর আগে গতকাল টসে জিতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছিল ভারত। এরপর আজ হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতি পর্যন্ত একটি উইকেটেরও দেখা পায়নি কিউই বোলাররা। অবশেষে দলীয় ৩৮৭ রানের মাথায় পূজারাকে সাজঘরে ফিরিয়ে নিউজিল্যান্ড শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন জিতন প্যাটেল। তবে এর আগে ষষ্ঠ উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন পূজারা ও মহেন্দ্র সিং ধোনি। তবে এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ধোনিও। ৭৩ রান করে প্যাটেলের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন তিনি। এরপর ভারতকে গুটিয়ে দিতে খুব বেশিক্ষণ লাগেনি কিউই বোলারদের। শেষপর্যায়ে রবীচন্দ্রন অশ্বিন করেছেন ৩৭ রান। নিউজিল্যান্ডের পক্ষে চারটি উইকেট নিয়েছেন জিতন প্যাটেল। তিনটি উইকেট পেয়েছেন ট্রেন্ট বোউল্ট।