নিউজিল্যান্ডের বড় জয়
সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। কাল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তারা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৮৮ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে কিউইদের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৪৯ রান। আড়াই শ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা থামে ১৬১ রানে। নিউজিল্যান্ডের ওপেনার রব নিকলস তাঁর ৬৯ বলে ৫৯ রানের সুবাদে পেয়ে গেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড পিছিয়ে থাকল ২-১ ব্যবধানে।নিকলসের পাশাপাশি নাথান ম্যাককালাম ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এ ছাড়া ব্র্যাডলি জন ওয়াটলিংয়ের ব্যাট থেকে আসে ৪০ রানে। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ছিলেন সবচেয়ে সফল বোলার। ৫৭ রানের বিনিময়ে কিউইদের চারজন ব্যাটসম্যানকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান। লেগ স্পিনার সুনীল নারাইন দুটি উইকেট পান ২৮ রানের খরচায়।নিউজিল্যান্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। টিম সাউদি মাত্র ১১ রানে ফেরত পাঠান ভয়ংকর ক্রিস গেইলকে। ব্যাট হাতেও ওয়েস্ট ইন্ডিজের মান বাঁচান আন্দ্রে রাসেল। তাঁর ৪২ রানের ওপর ভর করে সংগ্রহটাকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান তাঁরা। রাসেলের ৪২ রান ছাড়া ডোয়াইন স্মিথের ব্যাট থেকে আসে ১৯ রান। এ ছাড়া কয়েকজন দুই অঙ্কের রান করলেও নিজেদের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারেননি। নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম, নাথান ম্যাককালাম ও ট্রেন্ট বোল্ট—প্রত্যেকেই নেন দুটি করে উইকেট। সূত্র: রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ২৪৯/৯ (৫০ ওভার)নিকলস ৫৯, ম্যাককালাম ৫০আন্দ্রে রাসেল ৪/৫৭ওয়েস্ট ইন্ডিজ ১৬১/১০ (৩৪.৩ ওভার)আন্দ্রে রাসেল ৪২জ্যাকব ওরাম ২/২২, নাথান ম্যাককালাম ২/৪০, ট্রেন্ট বোল্ট ২/৪৫ফল: নিউজিল্যান্ড ৮৮ রানে জয়ী