নিউজিল্যান্ডের রানের পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজের শুরুটা বেশ ভালোভাবেই করেছে সফরকারী নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় ম্যাচেও মার্টিন গাপটিলের ১৮৯ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে শক্ত অবস্থান তৈরি করেছে কিউইরা। জয়ের জন্য ইংল্যান্ডকে বেঁধে দিয়েছে ৩৬০ রানের দুরূহ লক্ষ্য। ১৫৫ বলে ১৮৯ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গাপটিল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি নিউজিল্যান্ড। তৃতীয় ওভারেই অ্যান্ডারসনের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছিলেন ওপেনার লুক রনচি। তবে দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন। ইনিংসের ২৫তম ওভারে এই জুটি ভেঙে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান গ্রায়েম সোয়ান। ৫৫ রান করে ফিরে যান উইলিয়ামসন। তবে ইংল্যান্ডের এই স্বস্তি দীর্ঘস্থায়ী হতে দেননি গাপটিল ও রস টেলর। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ১০৯ রান। ৪২তম ওভারে ৬০ রান করে আউট হন টেলর। শেষ পর্যায়ে উইকেটে এসে বিধ্বংসী ব্যাটিং করেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। চতুর্থ উইকেটে গাপটিলের সঙ্গে জুটি বেঁধে মাত্র ৫০ বলে ১১৮ রান যোগ করেন এই মারমুখী ব্যাটসম্যান। ১৯ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন ম্যাককালাম।