রোমাঞ্চকর ম্যাচে জিতল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেইনের দুর্দান্ত ওই ওভারটাই জেতাল দক্ষিণ আফ্রিকাকে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
স্টেইনের দুর্দান্ত ওই ওভারটাই জেতাল দক্ষিণ আফ্রিকাকে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

উত্কণ্ঠা, উত্তেজনায় ঠাসা দারুণ এক ম্যাচ! ম্যাচ দুলল পেন্ডুলামের মতো। কখনো তা নিউজিল্যান্ডের ঘরে, কখনো আবার দক্ষিণ আফ্রিকার ঘরে। স্নায়ুক্ষয়ী ম্যাচের নিষ্পত্তি শেষ বলে। আর তাতে জিতল দক্ষিণ আফ্রিকা, মাত্র ২ রানে। টি-টোয়েন্টির আদর্শ বিজ্ঞাপন হতে পারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটিই।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭১ রানের লক্ষ্য। মার্টিন গাপটিল-কেন উইলিয়ামসনের উদ্বোধনী জুটি ৭ ওভারে তুলে ফেলল ৫৭। এরপর ৯ রানে ব্ল্যাক ক্যাপসদের দুই উইকেট ফেলে ম্যাচে ফিরল প্রোটিয়রা। দক্ষিণ আফ্রিকার আঘাত সামলে ফের ম্যাচ নিজেদের দিকে ঝুলিয়ে নিল উইলিয়ামসন-রস টেইলরের তৃতীয় উইকেট জুটি। এ জুটিতে এল ৫১।

একটা সময় নিউজিল্যান্ডের দরকার ছিল ৪২ বলে ৫৫। হাতে ৮ উইকেট। উইকেটে তখন উইলিয়ামসন-টেইলর। দক্ষিণ আফ্রিকার পক্ষে তখন বাজি ধরার লোক কমই। কিন্তু এটি টি-টোয়েন্টি, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলার সুযোগ নেই।

শেষ ওভারে দরকার ৭। বোলিংয়ে এলেন প্রোটিয়াদের অন্যতম মূল অস্ত্র ডেইল স্টেইন। ঠিক সময়েই গর্জে উঠল ‘স্টেইন-গান’। ওই ওভারে রান তুলতে গিয়ে ফিরে গেলেন লুক রনকি ও নাথান ম্যাককালাম। শেষ বলে দরকার ৩ রান। উইকেটে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান টেইলর। তিনি পারলেন না স্টেইনের সঙ্গে, রান আউট হয়ে ট্রাজিক হিরো হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। ‘চোকার’ অপবাদে বুড়ো আঙুল দেখিয়ে ২ রানে দুর্দান্ত এক জয় নিয়ে ফিরল প্রোটিয়ারা। স্টেইনের ঝুলিতে সর্বোচ্চ ৪ উইকেট, ৪ ওভারে ১৭ রান দিয়ে। তবে স্টেইন-গান গর্জনের আগে দারুণ এক ইনিংস খেলা জেপি ডুমিনিই ম্যাচ সেরা।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই আজ দক্ষিণ আফ্রিকার বিপদ। শীর্ষ তিন ব্যাটসম্যান ফেরেন ৪২ রানের মধ্যেই। দক্ষিণ আফ্রিকাকে উদ্ধার করে মূলত আমলা ও ডুমিনির চতুর্থ উইকেট জুটি। এ জুটিতে আসে সর্বোচ্চ ৫৫। মিলসের বলে আমলা ৪১ করে ফিরলেও ডুমিনি উইকেটে ছিলেন শেষ অবধি।
এ ক্ষেত্রে ডুমিনির কিছুটা দুঃখবোধ হতেই পারে। কেননা, যদি আরেকটু আগেভাগে নামতে পারতেন তাহলে হয়তো প্রথম টি-টোয়েন্টি শতকটা পেলেও পেতে পারতেন! কারণ, তিনি অপরাজিত ছিলেন ৮৬ রানে। মূলত এই বাঁ হাতির কল্যাণেই প্রাথমিক বিপর্যয় সামলে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও কোরি অ্যান্ডারসন।