নিউজিল্যান্ডের সঙ্গী হবে কারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার টেন পয়েন্ট তালিকা
সুপার টেন পয়েন্ট তালিকা

অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব। সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। পরশু ইংল্যান্ড ও ভারতের কাছে হার নিশ্চিত করেছে আফগানিস্তান ও বাংলাদেশের বিদায়। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখনো টিকে আছে সাতটি দল। সুপার টেন পর্বে ম্যাচও বাকি সাতটি। শেষ চারের চতুর্থ দলটি পেতে অপেক্ষা করতে হতে পারে ২৮ মার্চ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত।
১ নম্বর গ্রুপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এই চারটি দল। তবে সমীকরণটা মিলে যেতে পারে আজকালের মধ্যেই। আজ নাগপুরে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে ও আগামীকাল দিল্লিতে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
কিন্তু ম্যাচ দুটিতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা জিতে গেলে জটিল হয়ে যাবে সমীকরণ। সে ক্ষেত্রে এই চার দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে। আর গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে যাবে তা নির্ধারিত হবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ শেষে। এই সমীকরণে ক্যারিবীয়রা আফগানদের হারালে সেমিফাইনালে দলটির সঙ্গী হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ীরা, বাদ পড়বে ইংল্যান্ড।
২ নম্বর গ্রুপের ত্রিমুখী লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গী হতে লড়ছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আজ অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে অবশ্য বিদায় নেবে পাকিস্তানও। কিন্তু পাকিস্তান জিতে গেলেও আফ্রিদিদের তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, চাইতে হবে ভারতের হার, আর মেলাতে হবে রানরেটের জটিল হিসাব-নিকাশ।
তবে ভারতের ভাগ্যটা নিজেদের হাতেই, ২৭ মার্চ শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেই চলবে। অন্যদিকে অস্ট্রেলিয়ারও ভাগ্য নিজেদের হাতে। শেষ দুই ম্যাচ জিতলে ভারতকে টপকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে তারাই।