১৯৭১ সালে প্রবর্তিত হওয়ার পর একদিনের ক্রিকেটে ৩০০ রান তাড়া করে জেতার প্রথম ঘটনাটি ঘটে বিশ্বকাপের আসরে। ১৯৯২ সালের বিশ্বকাপে সে সময়কার অটেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের ৩০০ রানের স্কোর তাড়া করে এক অবিস্মরণীয় জয় পায় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের নিউপ্লাইমাউথে অনুষ্ঠিত সেই ম্যাচটি এরপরে অনেক দিন পর্যন্ত ৩০০ রানের বেশি রান তাড়া করে নিষ্পত্তি হওয়া একমাত্র ম্যাচ হয়েই ছিল।নিউপ্লাইমাউথের সেই ম্যাচটি ছিল জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের একদিনের ক্রিকেটে অভিষিক্ত হওয়ার ক্ষণ। আর অভিষেকেই অনবদ্য ১১৫ রানের এক ইনিংস খেলে তিনি চিনিয়েছিলেন তাঁর জাত। ২১৫ মিনিটে ১৫২ বলে সাজানো তাঁর সেই ইনিংসটি ছিল একটি ছয় ও আটটি চারে সমৃদ্ধ।খেলায় টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া শ্রীলঙ্কা দলের বোলাররা ম্যাচের প্রথম থেকেই জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের তোপের মুখে পড়েন। চম্পাকা রামানায়েকে, প্রমোদয়া উইকরামাসিংহে, বিজেবর্ধনে—প্রত্যেকেই ছিরেন খরুচে। রান দেওয়ার হিসেবে সব চেয়ে এগিয়ে ছিলেন আসাঙ্কা গুরুসিংহে। তিনি ৭২ রান দিয়ে দুটি উইকেট সংগ্রহ করেন। অ্যান্ডি ফ্লাওয়ারের ১১৫ রানের পর জিম্বাবুয়ের লেট অর্ডারের দুই ব্যাটসম্যান আরনট ও অ্যান্ডু্র ওয়েলার দুটি দারুণ অর্ধশতকের সাহায্যে জিম্বাবুয়ের সংগ্রহকে নিয়ে যান ৩০০ রানের ওপরে। আরনট ৫৬ বলে ৫২ ও ওয়েলার মাত্র ৬৬ বলে ৮৩ রানের ইনিংস খেলেন।জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের সেই ‘অসম্ভব’ স্কোরকে তাড়া করার ব্যাপারে ছিল দৃঢ় প্রতিজ্ঞ। রোশান মহানামার ৫৯, অথুলা সামারাসেকেরার ৭৫ ও অর্জুনা রানাতুঙ্গার ৮৮ রানের ইনিংসের পাশাপাশি সনত্ জয়াসুরিয়ার ৩২ রানের কল্যাণে শ্রীলঙ্কা ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৩০০ রান তাড়া করে জয় পায় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের পক্ষে অ্যাডো ব্র্যান্ডেজ ৩ উইকেট নিলেও রান দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন বেশ উদার। কেবল ব্র্যান্ডেজই নয়, জিম্বাবুয়ের অন্যান্য বোলাররা নিজেদের পারফরম্যান্সকে তাঁদের ব্যাটসম্যানদের কাছাকাছি নিয়ে যেতে পারেননি বলেই ৩১২ রান করেও পরাজয়ের স্বাদ পেতে হয়েছে তাঁদের।আর, শ্রীলঙ্কা বোধহয় বিশ্বজয়ী দলে পরিণত হওয়ার পথে একটি মাইলফলক সেদিনই অতিক্রম করেছিল।