নিউয়েল নিজেই জানেন না !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুয়ার্ট ল পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব কে নিচ্ছেন-এনিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। বাংলাদেশের নতুন কোচ হিসেবে অনেকেরই নাম আসছে, যাঁদের সঙ্গে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো আলোচনাই করেনি। ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের ক্রিকেট পরিচালক মিক নিউয়েল যেমন। তিনি বাংলাদেশের পরবর্তী কোচ হিসেবে কোনো আবেদনই করেননি। বিসিবির পক্ষ থেকেও তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি অথচ তাঁর নামই নাকি রয়েছে বিসিবির ‘পছন্দের তালিকা’য়।ব্যাপারটি নিয়ে ক্রিকইনফোকে নিউয়েল বলেছেন, তিনি আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব নিয়ে আগ্রহী। বাংলাদেশ দল নিয়েও তাঁর আগ্রহ রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাঁর সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি। তিনি নিজেও বাংলাদেশের কোচের পদে কোনো আবেদন করেননি।মিক নিউয়েলের বয়স ৪৭। এই মুহূর্তে নটিংহ্যামশায়ারের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর অধীনে দুইবার ইংলিশ কাউন্টি শিরোপা জিতেছে কাউন্টি দল নটিংহ্যামশায়ার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের কোচ হতে আমার কোনো আপত্তি নেই।’ কিন্তু এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাঁর সঙ্গে অথবা তাঁর এজেন্টের সঙ্গে কথা বলতে হবে বলে তিনি জানিয়েছেন।নিউয়েল আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে কাজ করতে আমি আগ্রহী। কিন্তু সেজন্য কোথাও কোনো আবেদনপত্র জমা দেবনা আমি। সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে।’নটিংহ্যামশায়ারের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দীর্ঘদিন খেলেছেন মিক নিউয়েল। ১৯৮৭ সালে দলকে কাউন্টি শিরোপা জেতানোর পেছনেও দারুণ ভূমিকা ছিল তাঁর। এরপর দলটির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০০৫ ও ২০১০ সালে দুইটি শিরোপা জিতেছেন তিনি।