মাঠের লড়াইয়ে পাল্টে যায় অনেক কিছুই। তবে এই আসরের পারফরম্যান্স, সামর্থ্য, সম্ভাবনা সব মিলিয়ে ম্যাচের আগে কাগজে-কলমের হিসাবে কোথায় থাকছে দুদল, একটা ধারণা নিতে পারেন—


গোলকিপার
ম্যানুয়েল নয়্যার: ৯/১০
গোলকিপারের জন্য আদর্শ শারীরিক গড়নে আশীর্বাদপুষ্ট। দুহাত প্রসারিত করে যখন দাঁড়ান, গোলবারে মনে হয় চীনের প্রাচীর। সঙ্গে দুর্দান্ত স্কিল তো আছেই। ঘাটতি বা দুর্বলতা বলতে গেলে নেই-ই।
সার্জিও রোমেরো: ৭/১০
বিশ্বকাপ শুরুর আগে ছিলেন দলের শঙ্কা, এখন আস্থার জায়গা। আর্জেন্টাইন ডিফেন্সের মতোই চমক ছিল এবার গোলবারে রোমেরোর পারফরম্যান্স। সেমিফাইনাল-বীরত্বের পর আত্মবিশ্বাসেও টইটম্বুর থাকবেন।
রাইটব্যাক
ফিলিপ লাম: ৮/১০
টুর্নামেন্টের শুরুর দিকে খানিকটা অনুজ্জ্বল ছিলেন। মিডফিল্ড থেকে রাইটব্যাকে নেমে আসার পর দেখা যাচ্ছে তাঁর সেরাটা। রক্ষণে ভীষণ ঠান্ডার মাথার, স্থিতধী। প্রায় অসম্ভব ট্যাকলও এমনভাবে করে ফেলেন যেন এর চেয়ে সহজ কিছু আর নেই! জার্মান অধিনায়ক মাঠে সত্যিকারের নেতাও।
পাবলো জাবালেতা: ৮/১০
ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব মৌসুমের ফর্ম বয়ে নিয়ে গেছেন বিশ্বকাপেও। গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার আহমেদ মুসার গতির কাছে কয়েকবার খেই হারিয়েছেন, এ ছাড়া গোটা টুর্নামেন্টে খেলেছেন দুর্দান্ত। সেমিতে তো মুখে রক্ত ঝরিয়েও দারুণভাবে লড়ে গেলেন শেষ পর্যন্ত।

লেফটব্যাক
বেনেডিক্ট হুভেডেস: ৬/১০
খুব বড় নাম নন, কিন্তু কার্যকারিতায় কম যান না কারও চেয়ে। দলের দর্শনের প্রতীক যেন তিনি। সীমিত সামর্থ্যের সবটা উজাড় করে দেন। করিতকর্মা, চতুর, তাঁর ফ্লাঙ্কে তাঁকে হারানো কঠিন।
মার্কোস রোহো: ৬/১০
উচ্ছল, উদ্দীপ্ত। দারুণ গতিময়, সমসাময়িক আরও অনেকের মতো ওপরে উঠে যেতে পছন্দ করেন। এখনো খানিকটা অপরিপক্ব। তবে হাল ছাড়েন না। হার মানতে চান না সহজে।
সেন্টারব্যাক
ম্যাটস হামেলস: ৭/১০
সম্ভবত টুর্নামেন্টের সেরা সেন্টারব্যাক। চোট সঙ্গী হয়েই আছে, কিন্তু মাঠে নামলে সেটা বুঝতে দিচ্ছেন কোথায়! রক্ষণে দুর্দান্ত, সেট পিসে আবার প্রতিপক্ষ রক্ষণের আতঙ্ক। দারুণ আত্মবিশ্বাসী। দারুণ দুটি গোল করেছেন টুর্নামেন্টে।
মার্টিন ডেমিচেলিস: ৭/১০
আন্তর্জাতিক ক্যারিয়ারের পুনর্জাগরণ হয়েছে বলা যায় এই টুর্নামেন্টে। তিনি একাদশে আসায় চেহারাই পাল্টে গেছে আর্জেন্টাইন ডিফেন্সের, পোক্ত হয়েছে আরও। ৩৩ বছর বয়সে যেন ফিরে পেয়েছেন সেই শুরুর সময়ের গতি ও রিফ্লেক্স।
জেরোম বোয়াটেং: ৭/১০
রাইটব্যাক হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন। লাম নিচে নামার পর বোয়াটেং ফিরে এসেছেন মাঝে। এখানেই বেশি স্বচ্ছন্দ মনে হয়েছে তাঁকে। হামেলসের সঙ্গে বোঝাপড়াও ভালো।
এজেকিয়েল গারাই: ৭/১০
বিশ্বকাপের সেরা সেন্টারব্যাকের লড়াইয়ে থাকবেন হামেলসের পাশাপাশি বা কাছাকাছিই। পুরো টুর্নামেন্টে ভুল বলতে গেলে করেনইনি। ‘ওয়ান অন ওয়ান’ লড়াইয়ে জিতেছেন অসংখ্যবার, করেছেন দারুণ সব ট্যাকল। বাতাসে দুর্দান্ত, প্রতিপক্ষের কর্নার কিংবা ফ্রি-কিকে দলের ভরসা।
মিডফিল্ডার
হাভিয়ের মাচেরানো: ৯/১০
আর্জেন্টিনার সেরা নিঃসন্দেহে, টুর্নামেন্টেরও সেরা ফুটবলারদের একজন। নিজের প্রিয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ফিরে পেয়ে যেন ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন এবার। সেমিফাইনালে রোবেনকে করা ওই ট্যাকল তো চিরস্থায়ী জায়গা পেয়ে গেছে বিশ্বকাপের লোকগাথায়। আর্জেন্টিনা আজ জিতলে সেটি হয়ে থাকবে বিশ্বকাপ জেতানো ট্যাকল!

টনি ক্রুস: ৮/১০
এই বিশ্বকাপে নিজেকে নতুন করে চিনিয়েছেন বিশ্ব ফুটবলে। প্রতিভা-সামর্থ্য-সম্ভাবনার সবটুকুও যেন ফুটিয়ে তুলেছেন বিশ্বমঞ্চে। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার সম্ভবত তিনিই। উভয় পায়েই দারুণ জোর, ব্রাজিলের বিপক্ষে ২ গোল করেছেন দুই পায়ে।
স্যামি খেদিরা: ৭/১০
দীর্ঘ চোট কাটিয়ে ফিরে শুরুতে ছিলেন অনুজ্জ্বল। সময়ের সঙ্গে ফিরে পেয়েছেন রং। আক্রমণ-রক্ষণ দুটোতেই রাখতে পারেন ভূমিকা। নিখুঁত লম্বা পাস যেমন দিতে পারেন, তেমনি দিতে পারেন কাছ থেকে চতুর সব পাসও। সবচেয়ে বড় গুণ—আপাদমস্তক ‘টিম প্লেয়ার’।
বাস্তিয়ান শোয়েইনস্টাইগার: ৮/১০
চোটের কারণে গ্রুপপর্বে দেখা গেছে সামান্যই। তবে সময়ের সঙ্গে ফিরে পেয়েছেন নিজের সত্যিকার চেহারা। মাঝমাঠে নিয়ন্ত্রণ নেওয়া, আক্রমণে বল জোগান বা রক্ষণে সহায়তা—ফিট হতেই আবার হয়ে উঠেছেন দলের ‘ইঞ্জিন।’ জার্মান নির্ভরতার প্রতীক।
লুকাস বিলিয়া: ৬/১০
খুব প্রতিভাবান নন, তবে দারুণ পরিশ্রমী। খুব বেশি চোখে পড়বে না মাঠে। কিন্তু নিজের কাজটা ঠিকঠাক করে যান পরিপাটি ও ছিমছাম করে।
এনজো পেরেজ: ৬/১০
প্রাণশক্তিতে ভরপুর, গতিময়। গোলমুখে ক্রসও ভালোই করতে পারেন। ডি মারিয়ার বিকল্প অবশ্যই নন। তবে বেলজিয়ামের বিপক্ষে বদলি নেমে ও হল্যান্ডের বিপক্ষে ম্যাচে বুঝিয়ে দিয়েছেন অন্তত নিজের সামর্থ্য।
অ্যাটাকিং মিডফিল্ডার/ফরোয়ার্ড/উইঙ্গার
মেসুত ওজিল: ৭/১০
সত্যি বলতে, নিজের নামের প্রতি পুরো সুবিচার করতে পারেননি। আলজেরিয়ার বিপক্ষে দলকে জেতানো গোলটি করেছেন, কিন্তু গোটা টুর্নামেন্টে মিস করেছেন বেশ কটি সুযোগ। দলের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে উতরে গেছেন। তবে সামর্থ্যটা জানা বলেই বড় কিছুর আশা আজ করাই যায়!
এজেকিয়েল লাভেজ্জি: ৮/১০
ভীষণ অননুমেয়। কোনো কোনো দিন একদমই নিষ্প্রভ, ছন্দে থাকলে আবার ভয়ংকর। যেমন ছিলেন হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। বারবার হানা দিয়েছেন ডাচ রক্ষণে। তাঁর গতির সঙ্গে তাল সামলাতে পারছিলেন না বলেই তুলে নেওয়া হয়েছিল ডাচ ডিফেন্ডার ব্রুনো মার্টিনস ইন্ডিকে।
টমাস মুলার: ৯/১০
বড় টুর্নামেন্টের ফুটবলার, বড় ম্যাচের ফুটবলার। কখনো তিনি জেনুইন স্ট্রাইকার, কখনো রাইট উইঙ্গার, কখনো বা সেন্ট্রাল মিডফিল্ডার। গোল করছেন, করাচ্ছেন। সব মিলিয়ে পরিপূর্ণ এক ফরোয়ার্ড।
লিওনেল মেসি: ৯/১০
নতুন করে কিছুই বলার নেই। না প্রতিভা-সামর্থ্য নিয়ে, না এই টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে, না তাঁর সম্ভাবনা বা অমরত্বের হাতছানি নিয়ে। এখন কেবল অপেক্ষা...।
বেঞ্চের কজন
আন্দ্রে শুরলে: ৭/১০
প্রতিটি ম্যাচে মাঠে নেমেই নতুন প্রাণ এনেছেন দলের পারফরম্যান্সে। একাদশে অনিয়মিত একজনের জন্য তিনটি গোল তো অবিশ্বাস্যই!
সার্জিও আগুয়েরো: ৬/১০
চোটজর্জর বিশ্বকাপে নিজের সেরার ধারেকাছেও নেই। তবে তাঁর মাপের একজন বেঞ্চে থাকা মানেও বড় ভরসা, জ্বলে উঠতে পারেন তো যেকোনো মুহূর্তে!
মারিও গোটশে: ৬/১০
যতটা সম্ভাবনা নিয়ে এসেছিলেন, তার সামান্যই দেখাতে পেরেছেন। তবে সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, আজ তো সুযোগ থাকছেই!
অ্যাঙ্গেল ডি মারিয়া: ৮/১০
অন্তত কিছু সময়ের জন্য হলেও মাঠে নামতে মরিয়া হবেন নিশ্চিত। আর নামলে যতক্ষণই থাকুন মাঠে, ঝলক কিছু দেখাতেই পারেন!
লুকাস পোডলস্কি: ৬/১০
সুযোগ কমই পেয়েছেন এবার, জ্বলে উঠতে পারেন প্রয়োজনে।
রদ্রিগো প্যালাসিও: ৫/১০
হেডে গোল করার সহজতম সুযোগ হারিয়েছেন সেমিতে। আগেও করতে পারেননি মনে রাখার মতো কিছু। শেষ সুযোগ হয়তো আজ।
স্ট্রাইকার
মিরোস্লাভ ক্লোসা: ৭/১০
একাদশে নিশ্চিত নন। তবে আগের দুই ম্যাচের একাদশে থাকায় দলটাকে আরও ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। সেটাই ধরে রাখতে পারেন কোচ। আগের রিফ্লেক্স না থাকলেও এখনো যথেষ্ট সুযোগসন্ধানী।
স্ট্রাইকার
গঞ্জালো হিগুয়েইন: ৭/১০
এগিয়ে যাওয়ার মিছিলে শামিল হতে খানিকটা সময় নিয়েছেন। তবে ফিরেছেন দুর্দান্ত এক গোলে। প্রতিপক্ষের রক্ষণে তাঁর ছুটোছুটি মেসিকেও সেরাটা খেলতে সহায়তা করে।