নিখুঁত খেলেই জিতেছি: রোনালদো
নিজের পা থেকে এসেছে জোড়া গোল। চিরবৈরি বার্সেলোনার বিপক্ষে দল রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৩-১ গোলে। ন্যু ক্যাম্পে কাল বৃহস্পতি তুঙ্গেই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচ শেষে তাই নিজের ও দল সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে রোনালদো একটি শব্দেরই আশ্রয় নিলেন—নিখুঁত। কাল এল ক্লাসিকোয় রিয়ালের খেলাকে ‘নিখুঁত’ হিসেবেই অভিহিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।রোনালদো বলেছেন, বার্সেলোনার বিপক্ষে রিয়াল আজ (গতকাল) প্রথম থেকে শেষ অবধি দুর্দান্ত খেলেছে। তিনি আরও বলেন, ‘ম্যাচটি নিয়ে আমরা খেলোয়াড়েরা খুব সিরিয়াস ছিলাম। মাঠে রিয়ালের খেলোয়াড়দের শরীরী ভাষাও ছিল খুব ইতিবাচক। বার্সেলোনার চেয়ে আমরা ভালো খেলেই ম্যাচটা নিজেদের করে নিয়েছি। সবচেয়ে ভালো লাগছে, প্রতিদ্বন্দ্বীর মাঠে তিনটি গোল করার ব্যাপারটি। যা এক কথায় অনবদ্য।’ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস সবচেয়ে ভালো লেগেছে রোনালদোর। তাঁরমতে, পুরো খেলাতেই লস ব্ল্যাঙ্কোসরা আত্মবিশ্বাসে বলীয়ান ছিল। তিনি বলেন, সান্তিয়াগো বার্নাব্যুর নিজেদের মাঠের তুলনায় সাম্প্রতিককালে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে আত্মবিশ্বাসের মাত্রাটা বেশি থাকে। ব্যাপারটি নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, ‘আমরা ন্যু ক্যাম্পে খেলতে খুব পছন্দ করি।’ তিনি আরও বলেন, ‘এটা সত্যি যে বার্নাব্যুর চেয়ে ন্যু ক্যাম্পে আমাদের পারফরম্যান্স ভালো।’কালকের ম্যাচে জিতে কোপা দেল রে’র ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে থাকা মাদ্রিদের জন্য ব্যাপারটি নিজেদের ফিরে পাওয়ার মতোই। এই মুহূর্তে লা লিগা নিয়ে যে রিয়ালের খেলোয়াড়েরা ভাবছেন না, তা স্পষ্ট করেছেন রোনালদো। তিনি বলেন, ‘এই মুহূর্তে লা লিগা নিয়ে ভেবে লাভ নেই। আমরাতো ওখানে বার্সেলোনার চেয়ে অনেক ব্যবধানে পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য, এই মৌসুমে বাকী শিরোপাগুলো হাতে তোলা। আশা করি, সে লক্ষ্যে আমরা সফল হবোই।’ এখন রিয়ালের মূল লক্ষ্যটা যে চ্যাম্পিয়নস লিগ—সেটা জানাতে ভোলেননি রোনালদো। বার্সেলোনার বিপক্ষে খেলে আনন্দ পান জানিয়ে রোনালদো বলেন, বার্সেলোনার মতো দলের বিপক্ষে খেলাটা সবসময়ই অনুপ্রেরণাদায়ী।মাত্র আট দিনের ব্যবধানে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে রিয়াল। শনিবার লা লিগায় আবার বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ৫ মার্চ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগুন খেলা। দারুণ এক জয়ের পরেও মনোযোগটা ধরে রাখতেই হচ্ছে রিয়ালকে। রোনালদোও ব্যাপারটি নিয়ে সচেতন।বলেছেন, আজ জিতে উদযাপন করছি ঠিকই, কিন্তু শনিবারের ম্যাচটি নিয়ে আমাদের নতুন করে ভাবতে বসতে হবে। মনোযোগের সর্বোচ্চটাই দিতে হবে ওই ম্যাচে। গোল ডটকম।