নিজ দলের খেলোয়াড়কেই ঢুঁশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশায় মেজাজ সামলাতে না পেরে সতীর্থর সঙ্গেই বাগবিতণ্ডায় জড়ালেন একোতো
হতাশায় মেজাজ সামলাতে না পেরে সতীর্থর সঙ্গেই বাগবিতণ্ডায় জড়ালেন একোতো

৯০ মিনিট পেরিয়ে তখন চলছে অতিরিক্ত সময়। ক্যামেরুনের ওপর ততক্ষণে বয়ে গেছে ক্রোয়েশিয়া-ঝড়। চার গোলের হতাশা তো ছিলই। তার ওপর ম্যাচের ৪০ মিনিট থেকে দশজনী দল নিয়ে কোনোমতে মাঠে টিকে থাকার সংগ্রাম। ক্লান্ত-শ্রান্ত ‘অদম্য সিংহ’দের মেজাজ তখন আর দমিয়ে রাখার পর্যায়ে নেই। এমন সময় প্রতিপক্ষের ওপরই ‘মেজাজ দেখানো’র নিয়ম! কিন্তু ক্যামেরুনের খেলোয়াড়েরা সেই অভব্যতায় না গিয়ে নিজেরাই মেতে উঠলেন গুঁতোগুঁতিতে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বাঁশি বাজার ঠিক আগে এ রকম বিড়ম্বনায় পড়তে হলো ক্যামেরুনিয়ানদের।। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হওয়ার হতাশা সামলাতে না পেরে রাইট ব্যাক বেনোয়া আসু-একোতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন সতীর্থ বেনজামিন মুকানজোর সঙ্গেই। ঝগড়াঝাঁটি পর্যন্ত হলেও চলতো। কিন্তু সেটাকে হাতাহাতির পর্যায়ে নিয়ে গেলেন তাঁরা। রাগের চোটে মুকানজোর মাথায় ঢুঁশই বসিয়ে দিলেন একোতো। ঝামেলা বেশি দূর গড়ানোর আগেই সামলে নিলেন অন্য সতীর্থেরা। অন্যথায় চার গোলে হারের দুঃখের পাশাপাশি খেলার মাঠে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ার বড় লজ্জায় পড়তে হতো ক্যামেরুনকে।

দলকে বিভক্তি থেকে বাঁচাতে ম্যাচ শেষে অধিনায়ক স্যামুয়েল ইতো অভিমানী সতীর্থ একোতোকে সামলানোর এক দফা চেষ্টাও চালিয়েছিলেন। অভিমানী শিশুর মতো চটে থাকা একোতোর রাগ অবশ্য কমাতে পারেননি চোটের কারণে ম্যাচে খেলতে না পারা ইতো। খারাপ খেলার পাশাপাশি বিশ্বকাপে একটা বাজে উদাহরণও তৈরি করে গেল অনেক দিন ধরেই নিজেদের ছায়া হয়ে থাকা দেশটির খেলোয়াড়েরা।