নিজ দেশের ফাইনালে শ্রীলঙ্কাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। আর এবার নিজেদের মাঠে সেই হারের শোধটা বোধ হয় বেশ ভালোমতোই নিল লঙ্কানরা। উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১৬ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্বাগতিকরা। জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি এসেছে অধিনায়ক মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে।ধীরগতিতে শুরু করার পর ষষ্ঠ ওভারের শেষ বলে প্রথম উইকেটের পতন হয়েছিল পাকিস্তানের। তখন স্কোরবোর্ডে যোগ হয়েছিল ৩১ রান। ২০ রান করে ফিরেছিলেন ইমরান নাজির। দশম ওভারে নাসির জামশেদ ও কামরান আকমলের উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ভালো অবস্থানে নিয়ে যান অ্যাঙ্গেলো ম্যাথুস। পরের ওভারে শোয়েব মালিকের উইকেটও তুলে নিয়ে পাকিস্তানকে চাপের মুখে ফেলে দেন রঙ্গনা হেরাথ। ১৫তম ওভারে পাকিস্তানকে আবারও বড় একটা ধাক্কা দেন রঙ্গনা হেরাথ। এক ওভারেই তুলে নেন ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির উইকেট। ৪২ রান করে ফিরে যান হাফিজ। এরপর থেকেই ক্রমশ কমতে থাকে পাকিস্তানের জয়ের আশা। ১৮তম ওভারে সোহেল তানভিরের উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার জয়টা নিশ্চিত করে ফেলেন অজন্তা মেন্ডিস।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন দুই লঙ্কান ওপেনার মাহেলা জয়াবর্ধনে ও তিলকারত্নে দিলশান। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৬৩ রান। ১১তম ওভারে এই জুটি ভেঙে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান শহীদ আফ্রিদি। ৩৬ বলে ৪২ রান করে ফিরে যান জয়াবর্ধনে। এক ওভার পর শ্রীলঙ্কার আরেক ব্যাটিং-ভরসা কুমার সাঙ্গাকারার উইকেটও তুলে নেন মোহাম্মদ হাফিজ। এরপর রানের গতি খানিকটা কমে যায় স্বাগতিকদের। তৃতীয় উইকেট জুটিতে ৩৩ রান যোগ করেন দিলশান ও জীবন মেন্ডিস। এই রান তাঁরা করেন পাঁচ ওভার ব্যাট করে। ৪৩ বলে ৩৫ রান করে ১৮তম ওভারে আউট হন দিলশান। শেষ পর্যায়ে থিসারা পেরেরার ১১ ও অ্যাঙ্গেলো ম্যাথুসের ১০ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৩৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।