নিজস্ব ঠিকানা হচ্ছে শেখ রাসেলের
ঘরোয়া ফুটবলে গত মৌসুমে ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্রের নিজস্ব কোনো ঠিকানা ছিল না এত দিন। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটিকে যাযাবরের মতো ঘুরতে হয়েছে এখানে-সেখানে। কখনো উত্তরায়, কখনো মোমেনবাগ। গত মৌসুমে তাদের ক্লাব তাঁবু ছিল চানখাঁরপুলে। অনুশীলন করতে হয়েছে বুয়েট মাঠে। অবশেষে স্থায়ী ক্লাব প্যাভিলিয়ন নির্মাণের জন্য সরকারের কাছ থেকে একখণ্ড জমি পেল শেখ রাসেল ক্রীড়াচক্র।
কমলাপুরে বাংলাদেশ রেলওয়ের ১৫ কাঠা জমি জাতীয় ক্রীড়া পরিষদ ও শেখ রাসেল ক্রীড়াচক্রের নামে বরাদ্দ দেওয়া হয়। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, জমির সেলামি বাবদ প্রতিবছর প্রায় সাড়ে ১০ লাখ টাকা রেলওয়ের কোষাগারে জমা দিতে হবে। কমলাপুরে একটি ইনডোর স্টেডিয়াম তৈরির জন্য রেলওয়ের কাছে ১০ বিঘা জমি চেয়েছিল ক্রীড়া পরিষদ। কিন্তু রেলওয়ে দুটি সংস্থার নামে বরাদ্দ দিয়েছে মাত্র ১৫ কাঠা। ক্রীড়া পরিষদ তাদের চাহিদামতো জমি না পাওয়ায় ১৫ কাঠা জায়গায়ই শেখ রাসেলকে বরাদ্দ দিতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। সে অনুসারে মন্ত্রণালয় শেখ রাসেলকে এককভাবে ১৫ কাঠা জায়গা দিচ্ছে। বিষয়টি স্বীকার করে শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী কাল বলেন, ‘বরাদ্দপত্র পেয়েছি। এখন টাকা জমা দিলেই জমি আমাদের বুঝিয়ে দেওয়া হবে। যদিও জমির পরিমাণ কম, তার পরও শেখ রাসেল ক্রীড়াচক্রের একটি স্থায়ী ঠিকানা তো হচ্ছে। এতদিন পর একখন্ড জমি পেয়ে খুবই ভালো লাগছে আমাদের।’