আমাদের এই দলটার দারুণ একটা গুণ আছে। দলের বাইরে থেকে সেই গুণটা দেখা যায় না, বোঝাও যায় না। এটা বিশ্বাস। শুধু ব্যক্তির ওপর নয়, পরস্পরের প্রতি বিশ্বাস আছে আমাদের। ভারতের বিপক্ষে আমাদের আশার প্রদীপ নিভেই গিয়েছিল। চরম সেই মুহূর্তেও আমরা আশায় ছিলাম, কেউ একজন দাঁড়িয়ে যাবে; দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে এবং পরিস্থিতি পাল্টে দেবে। প্রথমে আমরা সবাই নিজেদের ওপর এই বিশ্বাসটা করি। নিজে চেষ্টা করি ম্যাচটা ঘুরিয়ে দিতে। না পারলে সতীর্থদের সমর্থন দিয়ে যাই।ভারত যখন ১ উইকেটে ২৭০ (আসলে ২৬৭) করল এবং ধারাভাষ্যকারেরা সন্দেহাতীতভাবে ৪০০ করবে বলেছিল, তবু আশা ছাড়িনি। আমাদের আত্মবিশ্বাস ছিল, কেউ এসে অবস্থা পাল্টে দেবে। আমার কোনো সন্দেহই ছিল না, ভারতকে আমরা...৩৩০-এর মধ্যে বেঁধে ফেলতে পারব! ভারতকে ৩০০ রানের নিচে আটকে ফেলা তো আমার সর্বোচ্চ আশাটাও ছাড়িয়ে যাওয়া। ডেল কেন এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার, এটাও প্রমাণ হয়েছে এদিন।একজন প্রকৃত ভালো বোলার এবং গ্রেট বোলারের মধ্যে তফাৎটা কী? একজন প্রকৃত ভালো বোলারকে ব্যাটসম্যান বশে আনতে পারে এবং তাকে উড়িয়ে দিতে পারে। বিশেষত বোলারটি যখন ক্লান্ত হয়ে পড়ে। ডেল স্টেইনকে নিয়ে আপনি এটা কখনোই করতে পারবেন না। ও আপনাকে নতুন বলে যেমন আউট করে ফেলবে, আবার ১০০ ওভারের পুরোনো বল দিয়েও তা-ই করবে।প্রথম তিন ম্যাচে মাত্র ২০ রান করার পর আমি নিজে কিছু রান পেয়ে খুব খুশি। যেন একটা ভার নেমে গেছে। দ্বিতীয় ইনিংসের সময় কন্ডিশন অনেক বদলেছে এবং আরও ব্যাটিং অনুপযোগী হয়ে গেছে। তাই ২৯৭ রান চেজ করে জেতা দারুণ এক ব্যাপার ছিল।এই ম্যাচটা গ্রেট ম্যাচগুলোর একটা (অন্তত আমাদের জন্য)। এই ম্যাচ থেকে যে শুধু একাদশের খেলোয়াড়েরাই আত্মবিশ্বাস নিংড়ে নিয়েছে, তা নয়; কোচ, ম্যানেজমেন্টসহ পুরো দলই আত্মবিশ্বাসে টইটম্বুর।এত এত ফোন, এসএমএস আর ই-মেইল পেয়েছি, মনে হচ্ছে দেশের মানুষও বিশ্বাস করতে শুরু করেছে যে উপমহাদেশের এই কন্ডিশনে আমরাও কিছু ম্যাচ জিততে পারি। ইমরান তাহিরের জন্য খারাপ লাগছে। খেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল সে; নিজেকে ফিট প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেও সে বাদ পড়েছে। কিন্তু ও যদি বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে আবার চোট পেত এবং টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ত, তাহলে কী হতো!বিশ্রাম পেয়ে গেল ইমরান। এখন ফিট হয়ে ফিরে পুরো টুর্নামেন্টটাই চাঙা থেকে খেলতে পারবে।