নিজেই ঠিক করে গেছেন সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলীর প্রতিকৃতিতে ভক্তের শ্রদ্ধা
আলীর প্রতিকৃতিতে ভক্তের শ্রদ্ধা

এই গলিতেই বেড়ে উঠেছিলেন। এই রাস্তাতেই হাঁটতে হাঁটতে ছায়ার সঙ্গে মুষ্টিযুদ্ধ করতেন, দুলকি চালে পা নাচাতে নাচাতে কল্পিত প্রতিপক্ষকে নকআউট করতেন এই রাস্তাতেই। সেখানে আবারও ফিরছেন মোহাম্মদ আলী, যেটির নাম বদলে রাখা হয়েছে তাঁরই নামে। সে রাস্তা ঘুরে মোহাম্মদ আলী সেন্টারের পাশ দিয়ে তাঁর শব বহনকারী কফিন নিয়ে যাওয়া হবে কেএফসি ইয়াম সেন্টারে। সেখানেই শেষবারের মতো তাঁকে বিদায় জানাবেন ভক্তরা।
সেদিন তাঁকে বিদায় দেবেন বিখ্যাত সব ব্যক্তি। অন্ত্যেষ্টিক্রিয়ায় কথা বলবেন বিভিন্ন ধর্মের বক্তারা। লেনক্স লুইস ও উইল স্মিথের মতো তারকারা বহন করবেন তাঁর কফিন। আগের দিনও অবশ্য তাঁকে বিদায় বলার সুযোগ পাবেন ভক্তরা। ৯ জুন বৃহস্পতিবার দুপুরে আলীর জানাজা হবে লুইভিলের ফ্রিডম হলে। ১৮ হাজার মানুষের সুযোগ হবে এই জানাজায় অংশ নেওয়ার। এখানেই নিজের প্রথম পেশাদারি লড়াইয়ে নেমেছিলেন আলী।
আলীর অন্ত্যেষ্টিক্রিয়ার এমন বিশদ ব্যবস্থা দেখে অবাক হওয়ার কিছু নেই। বহুদিন ধরেই এর পরিকল্পনা করা হচ্ছে। মহানায়ক নিজেই নিজের বিদায়ী অনুষ্ঠানের সবকিছু গুছিয়ে গেছেন। তিনি চেয়েছেন, তাঁর বিদায়ী অনুষ্ঠানে সব ধর্মের প্রতিনিধিরাই কথা বলবেন। শুধু তারকা নন, সাধারণ মানুষও যেন সে অনুষ্ঠানে আসেন। অনেক দিন ধরে টুকরো টুকরো নির্দেশনা লিখতে লিখতে সেটি এত বড় হয়েছে যে তা একটি বইয়ের আকার নিয়েছে। যে কারণে এটির নামই দেওয়া হয়েছে ‘দ্য বুক’।
২০১০ সালেই দ্য বুকে লেখা বিদায়ী অনুষ্ঠানের সব পরিকল্পনা পাস করে গেছেন ‘দ্য গ্রেটেস্ট’। সে অনুযায়ীই দুই দিনব্যাপী এমন আয়োজন। তবে আলীর একটা পরিকল্পনা থেকে একটু সরে এসেছে তাঁর পরিবার। আলীর ইচ্ছে ছিল, লুইভিলে মোহাম্মদ আলী সেন্টারেই চিরদিনের জন্য বিশ্রামে যাবেন। কিন্তু সে ক্ষেত্রে ভেন্যুটি বন্ধ হয়ে যেত, ভবিষ্যতে শোক জানাতে কেউ আসতে পারতেন না। এ কারণে এতে রাজি হননি তাঁর স্ত্রী লোনি। ফক্স স্পোর্টস।