নিজেকে অনেক ভারমুক্ত মনে হচ্ছে: ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে খেলে যাচ্ছিলেন জ্যাক ক্যালিস। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ১৪২টি টেস্ট খেলে করেছেন ১১,৪৪৯ রান। সেঞ্চুরি করেছেন ৩৭টি। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে এত দিনে একটিও জোড়া সেঞ্চুরির দেখা পাননি সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্টে অন্তত ৯,০০০ রান করা আর কোনো ব্যাটসম্যানই ক্যারিয়ারে এত দিন ধরে ডবল সেঞ্চুরি থেকে বঞ্চিত থাকেননি। অবশেষে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে সেই বহু আকাঙ্ক্ষিত ডবল সেঞ্চুরিটির দেখা পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৬২০ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণার সময় ক্যালিস অপরাজিত ছিলেন ২০১ রানে। এই ব্যর্থতাটা যে এত দিন একটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল ক্যালিসের বুকে, তা বেশ ভালোমতোই টের পাওয়া গেল তাঁর কথা থেকে। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে শেষ পর্যন্ত ডবল সেঞ্চুরি করতে পেরে নিজেকে তিনি আখ্যায়িত করেছেন একজন ভারমুক্ত মানুষ বলে।গতকাল সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ক্যালিস এই জোড়া সেঞ্চুরি সম্পর্কে বলেছেন, ‘এখন আমাকে আর এই প্রশ্নের জবাব দিতে হবে না যে কেন আমার টেস্টে কোনো জোড়া শতক নেই। সত্যিই এটা আমার জন্য একটা বিরাট স্বস্তির ব্যাপার।’ আর শেষ পর্যন্ত এই কীর্তিটা বর্তমানে এক নম্বর টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে করতে পেরে আনন্দটা আরও বেড়ে গেছে ক্যালিসের। তিনি বলেছেন, ‘অন্য যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেও এই ডবল সেঞ্চুরিটা করতে পারলে আমি খুশি হতাম। কিন্তু সত্যি কথা হলো, এই ইনিংসটা টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল ভারতের বিপক্ষে খেলতে পারাটা একটা বিশেষ প্রাপ্তি। এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথম টেস্টেই এত ভালো একটা ইনিংস খেলতে পেরে আমি খুবই খুশি।’ক্যারিয়ারের প্রথম এই জোড়া শতকটা ক্যালিস উত্সর্গ করেছেন তাঁর প্রয়াত মা-বাবার উদ্দেশে। টাইমস অব ইন্ডিয়া।