নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অপেক্ষায় ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডেনা কী পারবেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সঙ্গে নিজেকে এক কাতারে দাঁড় করাতে? বেকেনবাওয়ার অধিনায়ক হিসেবে ১৯৭৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। কোচ হিসেবে ১৯৯০-এ আবার এনে দেন বিশ্ব সেরার মর্যাদা। ম্যারাডোনার সামনে ২০১০ সালের বিশ্বকাপ এনে দিয়েছে তেমনই এক সুযোগ। ১৯৮৬ সালের বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ম্যারাডোনার সামনে কোচ হিসেবে বিশ্বকাপ জয় এখন হাতছানি দিয়ে ডাকছে। বিশ্বকাপ ম্যারাডোনাকে মুদ্রার সব পিঠই দেখিয়েছে। এই বিশ্বকাপের জন্যই ম্যারাডোনা আলোচিত। আবার নিন্দিত-সমালোচিতও এই বিশ্বকাপের কল্যাণেই। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ঐশ্বরিক ফুটবল উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। অপরদিকে ১৯৯৪ সালের বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেই ডোপ পাপী হিসেবে হয়েছেন বহিষ্কৃত। ১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির পক্ষে দেওয়া মেক্সিকোর রেফারি কোডেশাল মেন্ডেজের পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ ও পরাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তত্কালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভালেঞ্জের সঙ্গে হাত না মেলানো—সবই ম্যারাডোনাকে বিশ্ব ফুটবল ইতিহাসের এক অদ্বিতীয় স্থানে অধিষ্ঠিত করেছে। ১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি গোলে হেরে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বিশ্ববাসীর চোখ ভিজিয়েছিলেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।এর পরের ইতিহাস ম্যারাডোনার জন্য একেবারেই সুখকর ছিল না। নানা বিতর্কে জড়িয়ে জীবনটাকে একেবারে শেষ করে দিতে বসেছিলেন তিনি। মারিজুয়ানা, কোকেন সেবন, সাংবাদিক পেটানো—কী করেননি তিনি। ১৯৯৪ সালের বিশ্বকাপে ডোপ পরীক্ষায় তাঁর রক্তে নিষিদ্ধ এফিড্রিনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সে সময় বিশ্বকাপ থেকেই বহিষ্কৃত হন ম্যারাডোনা। ২০০৪ সালে অতিমাত্রায় কোকেন সেবনের ফলে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রীতিমতো কোমায় চলে গিয়েছিলেন তিনি। মৃত্যুকে খুব কাছে থেকে দেখেই হয়তো সে যাত্রা বেঁচে একেবারেই অন্য মানুষ হয়ে গিয়েছেন ম্যারাডোনা। সেই আলোচিত-নন্দিত-নিন্দিত-বিতর্কিত ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ হিসেবে মনে প্রাণে চাইছেন একটি বড় সাফল্য। যে সাফল্য তাঁকে এনে দেবে ফুটবল ইতিহাসে অমরত্ব। সেই পথে এগিয়ে গেছেন অনেকটাই। এককালের মাদকসেবী ম্যারাডোনা এখন পুরোদস্তুর ফুটবল ব্যক্তিত্ব। সব বিতর্ক আর আবেগকে পেছনে ফেলে আর্জেন্টিনা ফুটবল দলের অভিভাবক হিসেবে নিজেকে সঁপে দিয়েছেন কঠিন পেশাদারিত্বের কাছে। পেশাদারিত্বের মধ্যেও ‘ম্যারাডোনা সুলভ’ কথা তিনি প্রায়ই বলেন। এই তো বিশ্বকাপ জেতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি জানি, কীভাবে বিশ্বকাপ জিততে হয়। এখন কেবল বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষা।’ এটা তাঁর কেবল কথার কথাই নয়, মনে প্রাণে তিনি বিশ্বাস করেন এর প্রতিটি অক্ষর। নিন্দা কখনই পিছু ছাড়েনি তাঁর। কোচ হিসেবেও নিন্দার ঊর্ধ্বে নন তিনি। অনেকে তো ম্যারাডোনাকে কোচ হিসেবেই স্বীকৃতি দিতে রাজি নন। বাছাইপর্বে কোনোমতে চূড়ান্তপর্বের টিকিট হাতে পাওয়া আর্জেন্টিনার পারফরম্যান্স নিন্দুকদের যেন আরও বেশি উস্কে দিয়েছে। তবে শত সমালোচনাকে পেছনে ফেলে ম্যারাডোনা এগিয়ে চলেছেন। অত্যন্ত প্রতিভাবান আর্জেন্টাইন দল এখন প্রস্তুত ম্যারাডোনার নেতৃত্বে দেশকে বিশ্বকাপের তৃতীয় শিরোপা এনে দেওয়ার প্রত্যয়ে। আর্জেন্টিনার অধিনায়ক যেন কে? এই প্রশ্ন কেউ কেউ করতে পারেন। তবে হলফ করে বলে দেওয়া যায়, অন্তত এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে ফুটবল মোদীদের বিন্দু-বিসর্গ উত্সাহ নেই। কারণ যে দলে ম্যারাডোনার মতো তারকা কোচ আছেন, সে দলে অধিনায়ক কেউ একজন হলেই হলো। ম্যারাডোনা আছেন। তিনি তাঁর তারকাদ্যুতি আর ক্যারিশমা দিয়েই সবকিছু আড়াল করে দিয়েছেন। ম্যারাডোনার অপেক্ষা কেবল আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার।