নিজেকে অপরাধী মানছেন না কাকা
দ্বিতীয় হলুদ কার্ডটা রেফারি যখন পকেট থেকে বের করছেন, মুখ ঘুরিয়ে তখনই হাঁটা দিলেন। মাঠ ছাড়লেন দু দিকে মাথা নাড়তে নাড়তে। অথচ পরশু যেমন খেলেছেন, কাকার মাঠ ছাড়ার কথা মাথা উঁচু করে। অনেক দিন পর মনে হলো তিনি সত্যিই এই ব্রাজিলের প্রাণভোমরা। দারুণ কিছু পাস দিয়েছেন, দেখিয়েছেন চমৎকার সব স্কিল। নিজেও গোল পেতে পারতেন। একবার খুব কাছ থেকে নেওয়া তাঁর শট ফিরিয়েছেন আইভরিকোস্ট গোলকিপার। মনে হচ্ছিল যেন সেই পুরোনো কাকা, ২০০৭ সালে যিনি হয়েছিলেন ফিফার বর্ষসেরা।৮৫ থেকে ৮৮—এই তিন মিনিটের মধ্যেই ওলটপালট হয়ে গেল সবকিছু। কেইতাকে ধাক্কা মেরে দেখলেন প্রথম হলুদ কার্ড, কনুই মেরে দ্বিতীয়টি। যদিও টিভি রিপ্লে পরিষ্কার দেখাচ্ছিল, গায়ের ওপর উঠে আসা কেইতাকে স্রেফ কনুই দিয়ে হালকা করে সরিয়েছেন কাকা। রেফারিকে বিভ্রান্ত করেছে মুখে হাত চেপে নুইয়ে পড়া কেইতার সুনিপুণ অভিনয়। টেলিভিশন ফুটেজকে সাক্ষী রেখেই নিজেকে নির্দোষ দাবি করছেন কাকা, ‘মাঠে আমি যুদ্ধ করতে যাইনি। যা হয়েছে, সবাই দেখেছেন। টেলিভিশন রিপ্লেই এর সবচেয়ে বড় প্রমাণ। অনেকেই বলেছেন, আমার প্রতি অন্যায় করা হয়েছে।’কাকার সঙ্গে একমত হওয়ার লোকেরও যেমন অভাব হবে না, তেমনি এমন ভাবার লোকও কম নেই যে লাল কার্ডে ভূমিকা আছে তাঁরও। হোক মৃদু আঘাত বা স্রেফ গায়ের ওপর থেকে সরিয়ে দেওয়ার জন্য কনুইয়ের অমন ব্যবহার—কাকার দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ইমেজের সঙ্গে কোনোটাই ঠিক মেলে না। সর্বশেষ কবে লাল কার্ড পেয়েছিলেন, এটা মনে করতে বেগ পেতে হলো স্বয়ং কাকাকেও, ‘যতদূর মনে পড়ে সাও পাওলোর হয়ে খেলার সময় আমি দুটি লাল কার্ড পেয়েছিলাম, এটা আমার ক্যারিয়ারের তৃতীয়।’মনে করিয়ে দেওয়া যেতে পারে, নিজ দেশের ক্লাব সাও পাওলো ছেড়েছেন কাকা সাত বছর আগে। এরপর এসি মিলানের হয়ে ম্যাচ খেলেছেন ১৯৩টি, রিয়াল মাদ্রিদের হয়ে ২২টি। ব্রাজিল দলে খেলার বয়সটাও হয়ে গেল আট বছর, পরশুরটি ছিল ৭৯তম ম্যাচ। কাকা ইচ্ছে করে কনুই মারতে পারেন, এটা তাই বিশ্বাসই করতে পারছেন না সতীর্থ রবিনহো, ‘কাকা কখনোই কাউকে কনুই মারতে পারে না। ওই খেলোয়াড় (আবদেলকাদের কেইতা) ভান করেছে।’ তবে সবকিছুর পরও, কাকার নিষ্কলুষ ভাবমূর্তিতে একটু হলেও যে কালির ছোপ পড়ল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়েবসাইট।