নিজেকে আলাদা ভাবেন না কেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের মোটামুটি মানের অনুসারী হলেও আপনি তাঁকে চেনেন। নিউজিল্যান্ডের ম্যাচে কোনো ক্রিকেটারের চেয়ে টিভিতে কম দেখা যায় না তাঁকে। ব্লন্ড, হালকা নীল চোখ, মুখে হাসি লেগেই আছে—নিউজিল্যান্ড ক্রিকেট দলের ফিজিও কেটি স্টকার দৃষ্টি কাড়েন সহজেই।পুরুষ দলে মহিলা ফিজিও, আগ্রহের কেন্দ্রে থাকার জন্য যথেষ্ট এটুকুই। তবে কেটি প্রথম নজর কেড়েছেন স্প্রিন্ট দিয়ে। দলের ব্যাটিংয়ের সময় কেউ চোট পেলে ড্রেসিংরুম থেকে উইকেট পর্যন্ত তাঁর যে স্প্রিন্ট, দেখে মনে হয় মহিলা উসাইন বোল্ট! ফিল্ডিংয়ের সময় দুই হাতে পানির বোতল ও ফার্স্ট এইড বক্স নিয়ে চক্কর দেন মাঠের চারপাশে। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মতো তারকা এখন তিনিও, বিশ্ব ক্রিকেটের একমাত্র মহিলা ফিজিও বলে কথা। আমাদের এই উপমহাদেশে চোখ ছানাবড়া হয়ে যায়। কিন্তু ১০৭ বছর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের ভোটাধিকার দিয়েছে যারা, সে দেশে পুরুষ দলের মহিলা ফিজিও এমন আর কী! নিউজিল্যান্ড দলেও কেটিকে আলাদা করে দেখা হয় না। কেটিও নিজেকে ভাবেন শুধুই ফিজিও, ‘মেয়ে ফিজিও’ নয়, ‘আমি মেয়ে, আলাদা করে এমনটা কখনো মনেই হয়নি। শুধু জানি, আমি পেশাদার ফিজিও। তা ছাড়া পুরুষ দলের সঙ্গেই কাজ করছি বছর ছয়েক হয়ে গেল, আলাদা কিছু মনে হওয়ার প্রশ্নই আসে না।’মনে না হওয়ার আরেকটা কারণ, ছেলেবেলা থেকে তিনি এটাই হতে চেয়েছেন। নানা কারণে ক্রিকেটার হওয়ার ইচ্ছে পূরণ না হলেও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেয়ে ভাবলেন, ক্রিকেটের সঙ্গে কোনোভাবে থাকতেই হবে। পড়াশোনার জন্য দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন শৈশবেই। পরে পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন স্পোর্টস ফিজিওথেরাপিতে।স্বপ্নের প্রথম ধাপটা পূরণ হলো ২০০৪ সালে, কাউন্টি দল ডার্বিশায়ারের প্রস্তাব পাওয়ার পর চোখ বন্ধ করে রাজি হয়ে গেছেন। স্বপ্ন পুরোপুরি সত্যি হলো ২০০৮ সালের নভেম্বরে, যখন নিউজিল্যান্ড দলের চাকরিটা পেয়ে যান। ৩৩ বছর বয়সী কেটি তাঁর দৈনিক কাজের যে সূচি দিলেন, শুনলে অবাক না হয়ে উপায় নেই, ‘সকালে উঠেই জিমে যাই। এরপর টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা, ট্রেনারের সঙ্গে মিলে ফিজিক্যাল ট্রেনিংগুলো ঠিক করা, ক্রিকেটারদের চোট-টোট পরীক্ষা করা, খাদ্যতালিকা ঠিক করে দেওয়া, সে অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে কি না এসব খেয়াল রাখা। আর ছোটখাটো চোট তো লেগেই আছে। সেগুলোর দেখভাল করতে হয়।’স্বপ্নপূরণের জন্য বিসর্জন দিতে হয়েছে জীবনের সব সাধ-আহ্লাদ। সফরে থাকলে তো নয়ই, এমনিতেও খুব বেশি অবসর পাওয়া যায় না। ব্যস্ত থাকতে হয় অফ সিজনেও। অনেক ক্রিকেটারের পুনর্বাসন-প্রক্রিয়া চলে, কিছু প্রশাসনিক কাজও করতে হয়। শখের স্কিয়িংটা তো এখন প্রায় করাই হয় না। বিয়ে-থা করার সময় পাননি। দক্ষিণ আফ্রিকায় মা-বাবার কাছে যাওয়া হয় বছরে দু-একবার। কেটি কিন্তু তার পরও সুখেই আছেন, ‘প্রচুর মজা করি আমরা, ড্রেসিংরুমে অনেক হইচই হয়। মাঝেমধ্যে তো আমি হাসতে হাসতে অস্থির হয়ে যাই। সবাই খুব ভালো। সবাই আমাকে খেপায়, আবার অনেক খেয়ালও রাখে। দারুণ সুখী একটা পরিবার আমরা।’এই সুখী পরিবারের কাছে হার মানছে দেশপ্রেমও। জন্মভূমির বিপক্ষে ম্যাচেও নিউজিল্যান্ডের সমর্থক কেটি, ‘আমি দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড যখন প্রথম মুখোমুখি হলো, নিজেও বুঝতে পারছিলাম না কোন দলকে সমর্থন করব। এক সময় খেয়াল করলাম নিজের অজান্তেই নিউজিল্যান্ডকে সমর্থন করতে শুরু করেছি। অন্য সব খেলার কথা আলাদা, ক্রিকেটে আমি শতভাগ কিউই!’‘শতভাগ কিউই’র কাছ থেকে পাওয়া গেল কিউই দলের হাঁড়ির খবরও। দেখতে ভোলাভালা হলেও দুষ্টুমিতে দলের সেরা অ্যারন রেডমন্ড। আপাত নিরীহ-দর্শন গ্রান্ট এলিয়টও কাছাকাছি। তিরিশ পেরোনো অ্যান্ডি ম্যাকাই নাকি সবচেয়ে ফিট, আর সবচেয়ে বেশি চোটপ্রবণ টিম সাউদি। দলের সঙ্গে কেটির সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাটা হয়েছিল ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে। একসঙ্গে এতজন চোট পেয়েছিলেন যে চিকিৎসা করতে করতে ‘চিকিৎসক’ নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয়েছিল তাঁকেই।প্রাথমিক চুক্তিটা ছিল ছয় মাসের, পরে বাড়ানো হয়েছে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত। তবে কেটি থাকতে চান আরও অনেক দিন। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের তো বটেই, প্রেমে পড়ে গেছেন দেশটারও। দেখছেন নতুন আরেকটা স্বপ্নও, ‘পরিপূর্ণ একটা স্পোর্টস ইনস্টিটিউট খুলতে চাই, যেখানে ফিজিওথেরাপি শেখানো হবে। সব খেলার খেলোয়াড়েরাই যেখানে চিকিৎসা করাতে পারবেন।’