নিজেকে চিনিয়ে আফ্রিদির তৃপ্তি
উইকেট পাওয়ার পর তাঁর এই উদ্যাপন দেখা যায় নিয়মিতই। পরশু দেখা গেল পুরস্কার বিতরণীতেও। ধারাভাষ্যকার শুধু বলেছেন ‘আজকের ম্যান অব দ্য ম্যাচ...’, শহীদ আফ্রিদি তখন গ্যালারির দিকে তাকিয়ে দুই দিকে দুই হাত উঁচিয়ে সেই পরিচিত উদ্যাপনে। এতটাই আফ্রিদিময় ম্যাচ যে ম্যাচসেরা ঘোষণার প্রয়োজনই আসলে ছিল না!৭১ রানে ৫ ও ১২০ রানে ৭ উইকেট হারানো দলকে প্রথমে এনে দিলেন লড়াই করার মতো রান (২০০)। ১৫ ইনিংস পর ফিফটি পেলেন দলের ভীষণ প্রয়োজনের সময় (৬৫ বলে ৭৫)। এরপর ৩ উইকেটে ১৫৫ রান তুলে শ্রীলঙ্কা যখন জয়ের কাছাকাছি, ৫ উইকেট তুলে দলকে এনে দিলেন ২৬ রানের অসাধারণ জয়। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পাকিস্তানের।ম্যাচসেরা হয়েছিলেন সিরিজের প্রথম ম্যাচেও। শর্তসাপেক্ষ অবসর থেকে ফিরে সেটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। ৪ ম্যাচে ১২ উইকেট, ব্যাট হাতে ৩৯.৬৬ গড় ও ১২৬.৫৯ স্ট্রাইক রেটে ১১৯ রান—হারানো সময়টা যেন আরও শাণিত করেছে আফ্রিদিকে। ম্যাচ শেষে জানালেন, নিজেকে প্রমাণ করতে তিনি ছিলেন মরিয়া, ‘আমার কিছু প্রমাণ করার ছিল এবং কথার চেয়ে করে দেখানোটা সব সময়ই বেশি কার্যকর। আমার সামনে অনেক চ্যালেঞ্জ ছিল এবং আমার সম্পর্কে অনেক কিছু ভুল প্রমাণ করার প্রয়োজন ছিল।’ আফ্রিদির কথাগুলো যাঁদের উদ্দেশ্যে, ওয়াকার ইউনুস অবশ্যই তাঁদের একজন। সাবেক কোচের সঙ্গে মনোমালিন্যের সূত্রেই এত কাণ্ড হয়ে গেল। চলতি সিরিজে ধারাভাষ্য দেওয়া ওয়াকারেরও ধারণা, নিজেকে প্রমাণের তাগিদই সেরাটা বের করে আনছে আফ্রিদির, ‘ও বরাবরই ছিল অসাধাণ এক প্রতিভা, যে প্রতিভার প্রতি সুবিচার করেনি। তবে এই সিরিজে দেখা যাচ্ছে ব্যতিক্রম। দারুণ মনোযোগী, মনে হচ্ছে নিজেকে প্রমাণ করতে চায়, এ জন্যই ও এতটা সফল।’একই ওয়ানডেতে ফিফটির পাশাপাশি ৫ উইকেট আছে মাত্র ১৪ জনের। একমাত্র আফ্রিদিই এই কৃতিত্ব দেখালেন দুবার। দলে ফিরেই এমন পারফরম্যান্সের জন্য কৃতজ্ঞতা জানালেন বর্তমান কোচ-অধিনায়ক ও সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজাকে, ‘মিসবাহ দলকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। ও আমাকে অনেক সমর্থন দিয়েছে, কোচ মহসিন খানও আমার ওপর আস্থা রেখেছেন। রমিজ রাজা সব সময়ই বলে আমার সামর্থ্য কতটা, কতটা কী করতে পারি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। দেশের হয়ে ভালো খেলাটা আমি দারুণ উপভোগ করছি, প্রতিটি ম্যাচেই এভাবে পারফর্ম করে যেতে চাই।’এই ম্যাচটাই ৮ বছর পর শারজায় বড় দলের ম্যাচ, এটি আবার এই মাঠের ২০১তম ম্যাচও। সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচের ভেন্যু হিসেবে ক্রিকেটের রেকর্ড বুকে জায়গা পেয়েছে অনেক আগেই। পরশু শারজা পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। ওয়েবসাইট।