নিজেকে চিনিয়েই যাচ্ছেন বেল
টটেনহাম-ওয়েস্ট হামের ম্যাচের বাকি ১০ সেকেন্ড। সবার চোখ রেফারির দিকে, এই বুঝি বাজিয়ে দিলেন শেষ বাঁশি। এমন সময় বল পেলেন টটেনহাম উইঙ্গার গ্যারেথ বেল। ২৫ গজ দূর থেকে নেওয়া গোলার মতো শটটা জাসি জেসকেলাইনেন (ওয়েস্ট হামের গোলরক্ষক) কেন, বিশ্বের সেরা গোলরক্ষকদেরও বোধহয় ঠেকানোর সাধ্য ছিল না! বেল-জাদুতেই নাটকীয় এক জয়ে (৩-২) গত পরশু টটেনহামও চেলসিকে টপকে উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। চ্যাম্পিয়নস লিগ খেলার আশার পালেও লেগেছে জোর হাওয়া। এই সব কিছুর পেছনেই বড় অবদান বেলের। গত ১২ ম্যাচে করেছেন ১২ গোল। একটি হ্যাটট্রিকসহ প্রিমিয়ার লিগে গোল হয়ে গেছে ১৫টি, সামনে শুধু সুয়ারেজ (১৮) ও পার্সি (১৯)। গোল তো করছেনই, গোল করার ধরনটাই যেন আলাদা করে বেলের জাত চেনাচ্ছে। দূর পাল্লার বিস্ফোরক সব শটে গোল করাটা যেন ডাল-ভাতই হয়ে গেছে এই উইঙ্গারের জন্য। গত পরশুর ম্যাচটার কথাই ধরুন। শুরুতেই বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে এগিয়ে নিয়েছিলেন দলকে। আর শেষের জাদুটা তো ছিলই! বেলের কাঁধে সওয়ার হয়ে আবার পার পেয়েছেন টটেনহাম কোচ আন্দ্রেস ভিলাস বোয়াস। এভিবি তো প্রশংসায় মুখর হবেনই, ‘গ্যারেথ বেল একজন অবিশ্বাস্য খেলোয়াড়, দুর্দান্ত একটা প্রতিভা। এই মৌসুমে আমরা অন্য এক বেলকে দেখছি। প্রতিটা ম্যাচেই সে ব্যবধান গড়ে দিচ্ছে।’ ওয়েস্ট হাম কোচ স্যাম অ্যালাডাইসও নাটকীয় হারের পর বেলকেই মানছেন পার্থক্য হিসেবে, ‘টটেনহামকে আপনি পছন্দ করেন আর না-ই করেন, এ রকম একটা গোলকে আপনাকে সম্মান দেখাতেই হবে। আজ তো আমরা ওর কাছেই হেরে গেছি।’ তবে বেলের প্রশংসায় সবাইকে ছাড়িয়ে গেছেন ওয়েস্ট হাম ডিফেন্ডার জেমস কলিন্স, ‘আমি তাকে মেসি ও রোনালদোর সঙ্গে এক কাতারেই রাখব।’২০০৬ সালে সাউদাম্পটনের ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল বেলের। পরের বছর টটেনহামে পাড়ি জমানোর পর খেলতেন লেফট ব্যাক হিসেবে। বেলকে আজকের বেলে রূপান্তরের কৃতিত্ব অনেকটাই পাওনা সাবেক স্পার কোচ হ্যারি রেডন্যাপের। ২০১০-১১ মৌসুম থেকে তিনি লেফট উইংয়ে খেলাতে শুরু করেন বেলকে। এর পর থেকেই বেল দুর্দান্ত। এতটাই যে বড় বড় সব ক্লাব এখন লোভাতুর দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে। যাদের মধ্যে আছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে তাই এখন তাঁকে কিনতে হলে মোটা অঙ্কের টাকাই খসাতে হবে। সেটি কত? ওয়েস্ট হাম কোচ অঙ্কটা ৫০ মিলিয়ন পাউন্ড ছুঁয়ে ফেলতে পারে বলে ধারণা করছেন। অথচ টটেনহাম বেলকে কত দিয়ে কিনেছিল, জানেন? মাত্র সাত মিলিয়ন পাউন্ড! এএফপি, রয়টার্স।