নিজেকে চেনাচ্ছেন 'নতুন সাঙ্গাকারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাহিরু থিরিমান্নে
লাহিরু থিরিমান্নে

একসঙ্গে দুজন সাঙ্গাকারা ব্যাট করছেন। একজন পুরোনো। ওয়াইনের মতো বয়সের সঙ্গে সঙ্গে যাঁর নেশা ধরানো ব্যাটিংয়ের আবেদন বাড়ছেই কেবল। অন্যজন নতুন। পুরোনো হলে তাঁর ব্যাটও কেমন নেশা ধরাবে, সেটির আভাস যিনি দিলেন ফতুল্লায়।
এটা দেখে যাঁর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, তিনি গতকাল মাঠে ছিলেন না। থাকার কথা নয়। ২০১১ বিশ্বকাপের পর প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিয়েছেন স্বেচ্ছায়। এর পর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে সম্পর্কের সুতোটা কিছুটা ঢিলে হয়ে গেছে। কিন্তু দুই হাজার কিলোমিটার দূরে কলম্বোয় বসে কি লাহিরু থিরিমান্নের ইনিংসটা একটুও দেখেননি অরবিন্দ ডি সিলভা? অজান্তেই একটা হাসি খেলে যায়নি তাঁর মুখে!
কথা হচ্ছিল দুই সাঙ্গাকারাকে নিয়ে। এর মধ্যে থিরিমান্নে আর ডি সিলভা এসে পড়ায় নিশ্চয়ই গড়বড় হয়ে যাচ্ছে অনেকের। বাঁহাতি এবং ব্যাটিংয়ের মিলের কারণে থিরিমান্নেকে যে শ্রীলঙ্কার অনেকে ‘নতুন সাঙ্গাকারা’ ডাকেন, এটা বোধ হয় আপনার জানা! তবে মোরাতুয়ার এই প্রতিভাকে খুঁজে বের করার কৃতিত্বটা যে ডি সিলভার, এটা কজনই বা জানেন! কিশোর থিরিমান্নেকে তাঁর স্কুল দলের হয়ে ব্যাটিং করতে দেখে ডি সিলভা এমন মুগ্ধ হয়েছিলেন যে নির্বাচকদের বলেকয়ে রাজি করিয়েছিলেন ছেলেটাকে ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে রাখতে।
১৮ বছর বয়সী সেই থিরিমান্নের মধ্যে ‘ভবিষ্যৎ সাঙ্গাকারা’কে দেখছিলেন হয়তো শুধু ডি সিলভাই। কিন্তু বছর ছয়েক পর এই থিরিমান্নের মধ্যে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ভবিষ্যৎ দেখছেন অনেকে। এ কারণেই মাহেলা জয়াবর্ধনের পরিবর্তে ওপেনিংয়ে থিরিমান্নে। জয়াবর্ধনে কিংবা সাঙ্গাকারাও তো একসময় বিদায় বলবেন। তখন হাল ধরার জন্য কাউকে প্রস্তুত করতে হবে না?
থিরিমান্নেও দেখালেন, তিনি প্রস্তুত। যাঁর সঙ্গে তুলনা হচ্ছে, সেই সাঙ্গাকারাকে সামনে রেখেই তার চেয়ে বেশি আলো ছড়ালেন। উমর গুলের বলে কাভার ড্রাইভে পেয়েছিলেন প্রথম বাউন্ডারিটা। ১১০ বলে ১০২ রানের ইনিংসে যে ১১টি চার মেরেছেন, তার বেশির ভাগই প্রিয় ওই শটে। ৩১তম ওভারে মোহাম্মদ হাফিজকে মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারা একটা ছয়ও আছে, কিন্তু সেটাও যেন খুব বুঝেশুনে মারা। বলের সঙ্গে রানের ব্যবধান বাড়তে দেননি, আবার নিজেও মাথা গরম করেননি কখনো। গত এক দশকের বেশি সময় ধরে শ্রীলঙ্কার হয়ে এ রকম ভূমিকাই তো পালন করে যাচ্ছেন সাঙ্গাকারা। পূর্বসূরির সব গুণ পেলে তবেই না তিনি যোগ্য উত্তরসূরি। থিরিমান্নের গুণ আরও বেশি মনে হবে যদি জানা থাকে, টেস্ট ও ওয়ানডে মিলিয়ে এখন পর্যন্ত এক থেকে আট সব পজিশনেই ব্যাট করেছেন তিনি!
গত বছর জানুয়ারিতে এই সাঙ্গাকারার চোটের কারণেই সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে খেলেছিলেন ৯১ রানের দারুণ ইনিংস। দিন দশেক পরই অপরাজিত ১০২ রান করে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, আডিলেডে জিতিয়েছেন শ্রীলঙ্কাকে।
কাল ফতুল্লায় সেটা ছাড়িয়ে যেতে পারলেন না বটে। তবে দল জেতানোর আনন্দে সেই আফসোস নিশ্চয়ই হাওয়ায় মিলিয়ে গেছে এক নিমেষে।