নিজেকে চেনালেন ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছে ডেভিড ওয়ার্নারের। খেলেছেন দুটি টেস্ট। তবে এরই মধ্যে যে কীর্তি গড়েছেন, তা ধরা দেয়নি ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গারের মতো ব্যাটসম্যানকেও। হোবার্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আদ্যন্ত ব্যাট করা ওয়ার্নারই অস্ট্রেলিয়ার হতাশার অন্ধকারে একমাত্র আলোকরেখা। টি-টোয়েন্টি থেকে যেভাবে টেস্ট ক্রিকেটে খাপ খাইয়ে নিয়েছেন, সেটি অস্ট্রেলিয়ার জন্য বড় সুখবর।হোবার্টে অপরাজিত ১২৩ রান করে অস্ট্রেলিয়াকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। বড় দৈর্ঘ্যের ম্যাচে তাঁর টিকে থাকা নিয়ে গড়ে ওঠা সংশয়ের মেঘ এতে দূর হয়েছে। গায়ে টি-টোয়েন্টির ব্যাটসম্যানের তকমা লেগে যাওয়া ব্যাটসম্যানের হঠাৎ করেই কি এই রূপান্তর? না, এই ২০১১ সালে ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ওয়ার্নারের ব্যাটিং গড় ৭৫.৫৩। বলের চেয়ে রান বেশি এমন ইনিংস দুটি। গড়ে প্রতি ইনিংসে ব্যাট করেছেন ১৩২ মিনিট। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ‘এ’ দলের হয়ে এক ম্যাচে প্রায় ছয় ঘণ্টা ব্যাট করে ডাবল সেঞ্চুরিও পেয়ে যান।বদলে যাওয়া ওয়ার্নার বলেছেন টেস্ট ক্রিকেট নিয়ে নিজের স্বপ্নের কথা, ‘ছোটবেলা থেকেই ব্যাগি গ্রিন মাথায় তোলার জন্য ১০০ ভাগ চেষ্টা করতে হবে। এখন আমি এটা পেয়ে গেছি এবং যত দিন পারি ধরে রাখতে চাই। সবাই টি-টোয়েন্টি নিয়েই কথা বলে, কিন্তু বরাবরই বলে এসেছি, আমি দেখাতে চাই বড় দৈর্ঘ্যের ম্যাচও খেলতে পারি। আমি কী করতে পারি, সেটি দেখাতে পেরে ভালো লাগছে।’টেস্ট খেলাটা যে কঠিন, সেটি অবশ্য বুঝে গেছেন। ভালো করেই জানেন, দলে জায়গা টিকিয়ে রাখা কতটা কঠিন। তাই চান ভুল-ত্রুটি শুধরে নিতে, ‘কিছু কিছু বল আমি খেলেছি, যেগুলো খেলা মোটেই উচিত হয়নি। আমি এখনো শিখছি। পরের ম্যাচে সেটা যা-ই হোক না কেন, আমাকে আরও সতর্ক এবং ডিফেন্সটা আরও ভালোভাবে করতে হবে। আশা করছি, আমার নিজের খেলাটাই চালিয়ে যেতে পারব।’নিজে মাইলফলক গড়লেও দল হেরেছে, তাই মন খারাপ ওয়ার্নারের, ‘শেষ পর্যন্ত আমরা হেরেছি। ৮ রানের জন্য জয় না পাওয়া অবশ্যই হতাশার।’ ওয়েবসাইট।