নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

কেউ চান নিজেকে আরও উঁচুতে তুলে ধরতে; কারও কণ্ঠে বিদায়ী বছরের অপ্রাপ্তি মুছে নতুন শুরুর প্রত্যয়। সবার চাওয়া এক বিন্দুতে মিলে গেলে ক্রিকেট, ফুটবলের বাইরে বাংলাদেশের বাকি ক্রীড়াঙ্গনের ছবিটা উজ্জ্বলই হওয়ার কথা ২০১৫ সালে।
সেই ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি ছড়াতে পারেন সিদ্দিকুর রহমান। গত বছরে নানা কারণে সেরা ছন্দে ছিলেন না এই গলফার। নতুন বছরে তাঁর প্রথম চাওয়া, ‘পুরোপুরি ফিট হয়ে খেলতে চাই’। দুটি পেশাদার শিরোপাজয়ী সিদ্দিকুরের কাছে ক্রীড়াঙ্গনের চাওয়া আরও বেশি। তাঁর হাতে তৃতীয় শিরোপা এ বছরই দেখতে চান সবাই।
নতুন বছরের শুরুতে সিদ্দিকুর অবশ্য এগোতে চান নিজেকে গুছিয়ে নিয়ে, ‘ভালো করার চেষ্টা সব সময়ই থাকে। এ বছরও থাকবে। সাফল্য তাতে ধরা দেবে আশা করি। তবে তাহাহুড়ো নয়। আগে আমাকে শারীরিকভাবে এক শ ভাগ তৈরি হতে হবে।’
গত বছরে আলো কেড়েছিলেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জয় তাঁর কাছেও প্রত্যাশা বাড়িয়েছে নতুন বছরে। সেটি ধরে রাখতে চান নিজেও,‘ আমি চাই নতুন বছরে যেন টানা অনুশীলনের সুযোগ পাই। কোরিয়ার বিশ্বকাপসহ দুটি টুর্নামেন্ট আছে। সেগুলোতে নিজেকে ছাপিয়ে সেরা স্কোর করার লক্ষ্য আছে। শ্যুটিংয়ে সুযোগ-সুবিধা বাড়ার প্রত্যাশাও রাখছি।’
দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদের চাওয়া, ‘টাইমিংয়ে উন্নতি করতে চাই। জাতীয় মিট, এপ্রিলে ইন্দো-বাংলা গেমস, এসএ গেমস যদি ভারত আয়োজন করে, তাতেও ভালো টাইমিং করে বছরটাকে স্মরণীয় করার স্বপ্ন দেখি।’
এসএ গেমস এ বছরও হবে কি না সংশয় আছে। তবে দেশসেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর তাকিয়ে সেদিকেই, ‘এসএ গেমস হলে সোনা জিততে চাই। ইন্দো-বাংলায়ও একই লক্ষ্য। সামগ্রিকভাবে চাইব দেশের সাঁতারে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম যেন চালু থাকে।’
নতুন বছরের শুরুতেই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। হকি দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন আপাতত চোখ রাখছেন সেটিতেই। তবে সামগ্রিকভাবে তাঁর চাওয়া, ‘সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে চাই আমরা। ঘরোয়া হকি যেন মাঠে থাকে সেটাও চাইব।’
খুব কল্পনাবিলাসী চাওয়া নয় কোনোটিই। পূরণ হওয়া কি খুব কঠিন?