>রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি সাত খেলোয়াড়। ৫ আগস্ট শুরু বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণকারী বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে এই ধারাবাহিক প্রতিবেদন। সাঁতারু মাহফিজুর রহমানকে নিয়ে আজকের পর্ব—

টেবিলে একগাদা সোনার পদক। কিছুদিন আগে থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ শেষে ফিরেছেন। সেখানেই জিতেছেন থাই ওপেনের পদকগুলো। সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) পদকগুলো নেড়েচেড়ে দেখেন। বিদেশের মাটিতে সোনা জিতলে কার না ভালো লাগে? কিন্তু মাহফিজুরের এতেও আশা মেটে না। চাই আরও সোনার পদক।
ঘরোয়া টুর্নামেন্টে রাশি রাশি পদক, ভারতে হওয়া সর্বশেষ এসএ গেমসেও জিতেছেন ৭টি ব্রোঞ্জ। কিন্তু অলিম্পিকে খেলতে যাওয়ার আনন্দ মাহফিজুরের কাছে এ পর্যন্ত জেতা সব পদকের সমান। সেই আনন্দে বিভোর নৌবাহিনীর সাঁতারু এখন মিরপুর সুইমিং কমপ্লেক্সে ব্যস্ত কঠোর অনুশীলনে।
এবারের রিও অলিম্পিকগামী দলের সাত খেলোয়াড়ের মধ্যে শুধু মাহফিজুরই ব্যতিক্রম। অংশ নেবেন টানা দ্বিতীয় অলিম্পিকে। গত লন্ডন অলিম্পিকের পতাকাবাহক পর পর দুটি অলিম্পিকে অংশ নেওয়ার আনন্দটা বলে বোঝাতে পারছিলেন না, ‘লন্ডন অলিম্পিকের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করার সময় মুক্তিযোদ্ধা বাবার চোখে খুশিতে জল চলে এসেছিল। এবার যেতে চেয়েছিলাম সরাসরি যোগ্যতা অর্জন করে। শেষ পর্যন্ত পারিনি। তবে ওয়াইল্ড কার্ড নিয়ে যেতে পারছি, এটাও কম আনন্দের নয়।’
বিশ্বসেরা সাঁতারু মাইকেল ফেল্প্সের ভক্ত মাহফিজুর। গত অলিম্পিকে ফেল্প্সের খুব কাছে গিয়েও কথা বলতে পারেননি। আফসোসটা পোড়ায়। তবে এবার আশায় আছেন ফেল্প্সের সঙ্গে ছবি তোলার, ‘ফেল্প্সের সঙ্গে অনুশীলনের সুযোগ নেই। কিন্তু ফেল্প্স যখন পুলে সাঁতরাতে নামেন তখন তাঁর স্টার্টিং দেখি, ওই সময় উনি কোন টেকনিকে সাঁতরান, কীভাবে রিকভারি করেন সবই মনোযোগ দিয়ে দেখি। এবার তাঁর সঙ্গে ছবি তোলার ইচ্ছা আছে।’
মাহফিজুর রিও ডি জেনিরো যাচ্ছেন আরও একটা ইচ্ছা নিয়ে। ব্যক্তিগত সেরা টাইমিংটা টপকাতে চান ব্রাজিলে। গত মে মাসে থাই ওপেনে ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতেন ২৩.৯৯ সেকেন্ডে, ওটাই এখন তাঁর ক্যারিয়ার-সেরা।
সাঁতারই এখন মাহফিজুরের ধ্যানজ্ঞান। অথচ ছোটবেলায় প্রথম ট্রায়ালে গিয়ে বাদ পড়ায় কী যে খুশি হয়েছিলেন! পড়ালেখার চেয়ে খেলাধুলার দিকে ঝোঁক ছিল বেশি। চোর-পুলিশ খেলতেন, মার্বেল খেলতেন। লাটিম আর ঘুড়ি নিয়ে কেটে যেত দিন। এর মধ্যেই বাবা ভর্তি করিয়ে দিতে চাইলেন বিকেএসপিতে। কিন্তু শুরু থেকেই প্রবল আপত্তি ছিল মাহফিজুরের। মিরপুর ক্রীড়াপল্লীর বারান্দায় বসে সেই গল্প বলেন আর হাসেন, ‘ছোটবেলায় ভীষণ দুষ্টুমি করতাম। কিন্তু বাবা বিকেএসপিতে নিয়ে গেলেন সাঁতারে ভর্তি করাতে। ডাক্তার আমাকে দেখেই আনফিট লিখে দিলেন। সুইমিং কস্টিউম পরার প্রয়োজনই পড়েনি।’
পাবনার দ্বীপচর প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহফিজুর অবশ্য এরপর জেলা ক্রীড়া সংস্থার পুলে টানা এক বছর অনুশীলন করলেন। পরের বছর ভর্তি হন বিকেএসপিতে। ২০০৩ সালে প্রথম জাতীয় বয়সভিত্তিক সাঁতারে পানিতে নেমেই জেতেন সোনা। পরের বছর খেলতে পারেননি চিকিৎসকের ভুলে। আগের বছর বেশি বয়সের গ্রুপে খেলিয়েছিলেন, পরেরবার তাই সঠিক বয়সের গ্রুপে তাঁকে খেলতেই দেওয়া হলো না। বেশ কষ্ট পেয়েছিলেন। ২০০৫ সালে মাহফিজুরের জীবনের মোড় ঘুরিয়ে দেন জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) কোচ ইমামুরা তাকাহিরো। তাঁর অধীনে দুই বছরের ট্রেনিং সেশনে মাত্র একবেলা মাথাব্যথার জন্য অনুপস্থিত ছিলেন। সেবার জুনিয়র মাহফিজুর সিনিয়রদের সঙ্গে পানিতে নেমে সোনা জেতেন। আত্মবিশ্বাস বেড়ে যায় হাজার গুণ, ‘অষ্টম শ্রেণিতে পড়ি। সিনিয়রদের সঙ্গে সাঁতরানো সহজ ছিল না। সোনা জয়ের পর টোকিও থেকে টেলিভিশন এসেছিল ইন্টারভিউ নিতে।’
কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিতই সাঁতরাচ্ছেন মাহফিজুর। অংশ নিয়েছেন ২০১২ ইস্তাম্বুল বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ, ২০১৩ বার্সেলোনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ, ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমস ও ২০১৫ কাজান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে।
সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য থাইল্যান্ডে বাড়তি পরিশ্রম করতে গিয়ে চোটে পড়েন মাহফিজুর। তবে সেটা ব্রাজিলে যাওয়ার পথে বাধা হচ্ছে না। নিজের ফেসবুক পেজে সম্প্রতি স্ট্যাটাস দিয়েছেন মাহফিজুর, ‘কোনো স্পনসর নেই, প্রচারণা, দর্শক-সমর্থক কিছুই নেই। বিশেষ দিনে কোনো ছুটিও নেই। পর্যাপ্ত অনুশীলনের সুবিধা নেই। সমস্যার শেষ নেই, এমনকি অভাবেরও অভাব নেই। শুধু পরিশ্রমটাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাই। অনেকে বলেন, কী লাভ সাঁতরে? আমি বলি লাভ-ক্ষতির হিসাব তো ব্যবসায়। আমার কাছে আবেগ, ভালোবাসা, দেশপ্রেম সব এক সুতোয় গাঁথা।’
এই তিনের ভেলায় ভেসে আবারও লাল-সবুজ পতাকা ওড়ানোর অপেক্ষায় মাহফিজুর।

মাহফিজুর রহমান
সাঁতারু
জন্ম
১৫ মে, ১৯৯৩
জন্মস্থান
পাবনা
সংস্থা
বাংলাদেশ নৌবাহিনী
ইভেন্ট
৫০ মিটার ফ্রি-স্টাইল
ঘরোয়া সাফল্য
৭১ পদক (৫০ সোনা, ১১ রুপা, ১০ ব্রোঞ্জ)
আন্তর্জাতিক সাফল্য
১৯ পদক (৬ সোনা, ৫ রুপা, ৮ ব্রোঞ্জ)
সেরা টাইমিং
২৩.৯৯ সেকেন্ড