
ভালো করার হয়তো কোনো সীমা নেই। কিন্তু মানুষের সক্ষমতার তো একটা সীমা আছে! সেটি কত দূর? এমন প্রশ্ন তুলে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেকে নিরন্তর ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় রোনালদো এগিয়ে গেলেন আরেক ধাপ। রিয়াল মাদ্রিদে গত চার মৌসুমে তাঁর যে গোলের হার, সেটিকে এবার পেছনে ফেললেন এই ‘গোলমেশিন’।
পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে করেছেন দলকে ড্র এনে দেওয়া গোল। এই গোল দিয়েই চলতি মৌসুমে গোলের ফিফটি ছুঁয়েছেন রোনালদো। ৫০ গোল এসেছে মাত্র ৪৫ ম্যাচে, গোলের হার ১.১১। এর আগে রিয়ালে রোনালদোর সেরা গোল হার ছিল ১.০৯, ২০১১-১২ মৌসুমে ৬০ গোল করেছিলেন ৫৫ ম্যাচে। রিয়ালে সেরা মৌসুম মানে রোনালদোর ক্যারিয়ারেরই সেরা মৌসুম। ম্যানচেস্টার ইউনাইটেডে সেরা মৌসুমে তাঁর গোলের হার ছিল ০.৮৬ (৪৯ ম্যাচে ৪২ গোল)।
পরশুর গোলে এই নিয়ে টানা চার মৌসুমে গোলের ফিফটি করলেন রোনালদো। প্রথম মৌসুমে পারেননি মাত্র ৩৫ ম্যাচ খেলতে পেরেছিলেন (৩৩ গোল) বলেই। গোলের হারে এবারেরটিই এখন পর্যন্ত সেরা মৌসুম হলেও গোলসংখ্যায় ২০১১-১২ মৌসুমের ৬০ গোল ছাড়িয়ে যাওয়া অনেক কঠিনই হবে। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ম্যাচ বাকি আর চারটি। তবে ৬০ গোল না হলেও আরও একবার ইউরোপিয়ান গোল্ডেন শু ও পিচিচি ট্রফি নিশ্চিতভাবেই জিততে যাচ্ছেন খুব নাটকীয় কিছু না হলে। ওয়েবসাইট।
কোপা ডেল রে
৩ গোল
চ্যাম্পিয়নস লিগ
১৬ গোল
লা লিগা
৩১ গোল
ম্যাচপ্রতি গোল ১.১১