নিজেকে জানলেন শামসুর

ড্রেসিংরুম থেকে মার্শাল-মেহরাব জুনিয়ররা সমানে চেঁচাচ্ছেন, ‘মাহেলা...মাহেলা, উইকেটে থাক।’ কিন্তু বিকেএসপির ২ নম্বর মাঠে খেলা তো হচ্ছে মধ্যাঞ্চল আর পূর্বাঞ্চলের মধ্যে! এখানে মাহেলা জয়াবর্ধনে আসেন কীভাবে?
ব্যাপার আর কিছুই নয়। শামসুর রহমানের প্রিয় খেলোয়াড় ওই মাহেলা জয়াবর্ধনে। সতীর্থরা তা জানেন বলেই ‘মাহেলা, মাহেলা’ ডেকে অনুপ্রাণিত করার চেষ্টা করছিলেন তাঁকে। মাঠ থেকে শামসুরও হাত নেড়ে সায় দিচ্ছিলেন।
২২৯ রানের আগে একটা খুঁতও নেই। ৩৭৩ মিনিট উইকেটে থেকেও অপরাজিত শামসুর যেন মাহেলা জয়াবর্ধনেরই প্রতিমূর্তি! বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট তো বটেই, বাংলাদেশের মাটিতেই এক দিনে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ার অনুভূতিটা দিন শেষে ভাষায় প্রকাশ করতে পারছিলেন না মধ্যাঞ্চলের ওপেনার, ‘অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম শ্রেণীর ক্রিকেটে জীবনের সেরা ইনিংস খেললাম আজ (গতকাল)। তবে এটাই শেষ না। চেষ্টা করব ইনিংসটাকে যতটা লম্বা করা যায়। আমি সেদিকে তাকিয়ে আছি।’
ম্যাচের তৃতীয় দিনে আজ সে সুযোগ থাকছে কাল দিন শেষে ২২৯ রানে অপরাজিত শামসুরের সামনে। তবে আগেই বড় কোনো লক্ষ্য স্থির না করে এগোতে চান ধাপে ধাপে, ‘এখনই বড় চিন্তা করছি না। আমি আস্তে আস্তে যাওয়াটা পছন্দ করি। এক লাফে কখনোই গাছে ওঠা যায় না। পঞ্চাশ এর পর এক শ হয়েছে। এরপর দেড় শ, দুই শ। এখন ২২৯ রানে অপরাজিত আছি। চিন্তা করব আগে ২৫০ করতে। তারপর তিন শর চিন্তা।’ অথচ এই শামসুর এর আগে কোনো পর্যায়ের ক্রিকেটেই ২০০ করেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ছিল ১৩৫ রান।
সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি—দুটোই শামসুর করেছেন ছক্কা মেরে। আগের দিন পাশের মাঠে নাসির হোসেন ৯৯ রানে রানআউট হয়েছেন। কাল শামসুরের ব্যাটিং-সঙ্গী নুরুল হাসানও নড়বড়ে নব্বইয়ের শিকার। আর শামসুর কি না সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি দুটোই পূর্ণ করলেন ছক্কা মেরে! ‘আমার কখনোই সে রকম নার্ভাস লাগেনি। কীভাবে লম্বা সময় ধরে ব্যাটিং করা যায়, সেই চেষ্টাই করছিলাম’—দিন শেষে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন শামসুর।
ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিনের সৈনিক তিনি। নয় বছর ধরে খেলছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। সে অভিজ্ঞতার ছায়া তাঁর এখনকার পরিণত ব্যাটিংয়ে। শামসুরও বলছিলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছি। ভালো ভালো খেলোয়াড়ের সঙ্গে খেলছি। তাদের খেলা দেখে এবং নিজে অনুশীলন করে, কোচদের পরামর্শ নিয়ে আমি শিখেছি। কোথায় আমার কী ভুল, কী করলে আরও লম্বা সময় ব্যাটিং করতে পারব, এসব নিয়ে কাজ করেছি।’
সামনে শ্রীলঙ্কা সিরিজ। টেস্ট দলে খেলার ইচ্ছা থাকতেই পারে বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৪তম ডাবল সেঞ্চুরি করা শামসুরের। তবে এই একটা ইনিংসকেই টেস্ট দলে যাওয়ার সেতু ভাবছেন না তিনি। ধরে রাখতে চান ভালো খেলার ধারাবাহিকতা, সেই সঙ্গে ইতিবাচক মানসিকতাও, ‘এত দিন লম্বা সময় ব্যাটিং করতে পারতাম না। আমার বিশ্বাস এখন পারব। আমি এখন এটা পারি...নিজেকে নিজে জানলাম যে আমি চাইলে লম্বা সময় ব্যাটিং করতে পারি।’
কুয়াশানামা শীতের সন্ধ্যায়ও কথাগুলো বলার সময় কেমন একটা ঔজ্জ্বল্য খেলে গেল শামসুরের চোখেমুখে।

এক দিনে সর্বোচ্চ ব্যক্তিগত রান
ম্যাচ ভেন্যু তারিখ
২২৯* শামসুর রহমান মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল বিকেএসপি ১৩ জানুয়ারি ২০১৪
১৯৫* ইমরান ফরহাত বিমান-চট্টগ্রাম বিকেএসপি ২২ নভেম্বর ২০০০
১৯২* নাজিমউদ্দিন চট্টগ্রাম-সিলেট চট্টগ্রাম ১৭ ফেব্রুয়ারি ২০০৬
১৮৩ তামিম ইকবাল চট্টগ্রাম-সিলেট বিকেএসপি ২ নভেম্বর ২০১২
১৭৮* এনামুল হক খুলনা-ঢাকা মহানগর ফতুল্লা ২০ এপ্রিল ২০১২