নিজেকে দুর্ভাগা ভাবছিলেন আল-আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েকটি উইকেট হাতছাড়া হওয়ার পর নিজেকে আজ দুর্ভাগা  ভেবেছেন আল আমিন। ছবি: প্রথম আলো।
কয়েকটি উইকেট হাতছাড়া হওয়ার পর নিজেকে আজ দুর্ভাগা ভেবেছেন আল আমিন। ছবি: প্রথম আলো।

নিজেকে খুব দুর্ভাগাই মনে হচ্ছিল তাঁর। এমন ঘটনা শেষ কার ভাগ্যে ঘটেছে কে জানে! একে তো তাঁর বলে পরপর দুটো ক্যাচ পড়েছে, তার ওপর আবার নিজের বলে ব্যাটসম্যানের তুলে দেওয়া ক্যাচ ফিল্ডার তালুবন্দী করার পরও দেখলেন, নো বলের খড়্গের নিচে পড়ে গেছেন। আল-আমিন হোসেন হয়তো ভেবেছিলেন, আজ বোধ হয় ভাগ্য শিকে ছিঁড়ছে না।
আল-আমিনের দিনটা অবশ্য শেষ পর্যন্ত একেবারে খারাপ যায়নি। কুমার সাঙ্গাকারার ‘প্রাইস উইকেট’টি পড়েছে তাঁর ঝুলিতেই। সে অর্থে বাংলাদেশ দলের উদীয়মান এ পেসার নিজেকে ধন্যই মনে করছেন, ‘ভেবেছিলাম উইকেট পাব না। নিজেকে খুব দুর্ভাগা মনে হচ্ছিল। কিন্তু মাঠের সবাই আমাকে উত্সাহ জুগিয়েছেন। দিন শেষে সাঙ্গাকারার উইকেটটা আমার জন্য পুরস্কারই।’
ভালো বল করছেন, কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় উইকেট পাচ্ছেন না—ব্যাপারটি কতটা মানসিক যন্ত্রণা তৈরি করে একজন বোলারের ক্ষেত্রে, সেটাও জানালেন আল-আমিন, ‘ওই সময়গুলোতে নিজের কাছে খুব খারাপ লাগে। তখন নিজেকে সান্ত্বনা দিই। সুযোগ অবশ্যই আসবে।’
এই দেশে পেসার হয়ে জন্মেছেন। উইকেট থেকে সহায়তা পাওয়ার ব্যাপারটি তো এক প্রকার ‘নিষিদ্ধসম’ই তাঁর কাছে। মিরপুরেও তা পাচ্ছেন না বলেই জানালেন আল-আমিন, ‘উইকেট থেকে কোনো সাহায্য পাচ্ছি না। এই উইকেট ব্যাটিং-বান্ধবই বলা যায়। তবে কোচ আমাদের এই উইকেটে বল করার জন্য কিছু পরামর্শ দিয়েছেন। আমরা সে অনুযায়ী বল করে যাচ্ছি।’
সাঙ্গাকারার উইকেটটিও হাত ফসকে চলে যাচ্ছিল। নাসির অল্পের জন্য আল-আমিনকে এই আফসোসে ফেলেননি। কিন্তু আল-আমিনের নাকি মনে হয়েছিল, নাহ, এবারও বুঝি হলো না, ‘আমি ভেবেছিলাম এবারও বুঝি উইকেট পাওয়া হচ্ছে না। পরে দেখলাম ভাগ্য এবার আর বিড়ম্বিত করেনি।’
এই উইকেটে শ্রীলঙ্কান পেসাররা ভালো করেছেন। কিন্তু বাংলাদেশিরা পারছেন না। এটারও ব্যাখ্যা দিলেন তিনি, ‘আসলে শ্রীলঙ্কান পেসারদের উচ্চতা বেশি। টেস্ট ক্রিকেটেও তাঁরা অভিজ্ঞ। আমরাও একেবারে খারাপ করিনি। কোচের পরামর্শমতো নির্দিষ্ট জায়গায় বল ফেলে যাচ্ছি। এক জায়গায় ধারাবাহিকভাবে বল ফেলে গেলে সুযোগও বেশি তৈরি করা যায়।’