নিজেকে নতুন করে চেনালেন মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিশ রাদারফোর্ডের উইকেট তুলে নিয়ে কিউই বধের শুরুটা করেছিলেন মাশরাফি। সফরকারীদের কফিনে শেষ পেরেকটিও ঠুকেছেন এই ডানহাতি পেসার।
হামিশ রাদারফোর্ডের উইকেট তুলে নিয়ে কিউই বধের শুরুটা করেছিলেন মাশরাফি। সফরকারীদের কফিনে শেষ পেরেকটিও ঠুকেছেন এই ডানহাতি পেসার।

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের এমনই একটি অস্ত্র, যে অস্ত্রটি বাংলাদেশ খুব নিয়মিত ব্যবহার করতে পারে না। ‘মেইড ইন নড়াইল’ এই অস্ত্রটি যে কত গুরুত্বপূর্ণ, সেটা অতীতে বারবার প্রমাণ হয়েছে, আজ মিরপুরে প্রমাণ হলো আরও একবার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এগারো মাস পর মাশরাফির ফেরাটা উদযাপিত হলো দারুণ রাজকীয় ঢংয়ে। মাশরাফি নিজে তাঁর বোলিং দিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করলেন, সেই সঙ্গে আবারও উষ্কে দিলেন তাঁকে নিয়ে এদেশের ক্রিকেটের নিরন্তর সেই আক্ষেপটি।
চোটের বরপুত্র বলে আবার কিছু আছে নাকি! কিন্তু মাশরাফি যেন নিজের জীবনে এই বিশেষণটির সারবত্তা প্রমাণ করে দিয়েছেন। ২০০১ সালে অভিষিক্ত হওয়ার পর এই চোটের সঙ্গেই তো তাঁর ঘরবসতি। কত রঙে-ঢংয়ে এই চোট যে তাঁকে ছুঁয়েছে, তার ইয়ত্তা নেই। নিয়মিত বিরতিতে বারবার। অন্যকোনো খেলোয়াড় হলে হয়ত এতদিনে খেলাই ছেড়ে দিতেন। কিন্তু মাশরাফি তা করেননি। প্রতিনিয়ত চোটের সঙ্গে লড়াই করে গেছেন। চোটকে নিজের অলংকার মনে করে যেন এর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছেন। কিন্তু চোট কি তা মাশরাফির বন্ধুতা মেনে নেয়! খেলোয়াড়দের জীবনের ‘ভিলেন’ এই চোট যে বাংলাদেশের ক্রিকেটের কাছ থেকে বারবারই কেড়ে নিয়েছে মাশরাফিকে। হায়, মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেট যদি নিরবিচ্ছিন্নভাবে পেত!
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১০ সালের ওই ‘বাংলাওয়াশ’ সিরিজে দলের অধিনায়কই ছিলেন মাশরাফি। প্রথম ওয়ানডেতে এক ওভার বল করেই চোটের কারণে মাঠ থেকে চলে যেতে হয়েছিল তাঁকে। মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর গোটা সিরিজটাই তাঁর শেষ হয়ে গিয়েছিল। এক দিক দিয়ে ভালোই হয়েছিল। অন্যদেরকে চিনলেও বাংলাদেশের ক্রিকেটের এই অস্ত্রটিকেই চেনা বাকী ছিল কিউইদের। তাঁকে ২০১৩ সালে খুব ভালো করেই চিনে নিল নিউজিল্যান্ড।
২০১০ সালের চোট তাঁকে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে দেয়নি। অনিয়মিত করে দিয়েছে জাতীয় দলেও। কিন্তু মাশরাফি যখনই সুযোগ পেয়েছেন, দুই হাতে দিয়েছেন দলকে। মাশরাফি যে বাংলাদেশের বোলিং বিভাগে কত গুরুত্বপূর্ণ, সেটা একটা পরিসংখ্যানেই বোঝা যাবে। ২০১০ সালের পর তিনি দেশের হয়ে ওয়ানডে খেলেছেন মাত্র ১৭টি। এতে তাঁর শিকার ২২টি উইকেট। অন্যান্য খেলোয়াড়ের মতো মাশরাফিকে যদি সবসময় পাওয়া যেত, সেটা দলের জন্য কতটা উপকারের হতো, সেটা বলাই বাহুল্য!

ম্যাশকে এবারের নিউজিল্যান্ড সিরিজে যেন নতুনভাবেই আবিষ্কার করল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬ ওভার বল করে উইকেট-শূন্য ছিলেন তিনি। কিন্তু তাঁর বোলিং ঠিকই ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে নিউজিল্যান্ড-বধের। মাশরাফির তৈরি করে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো হ্যাটট্রিকও পেয়ে গেছেন রুবেল। সেটাতো তিনি নিজেই স্বীকার করেছিলেন। দুটো ক্যাচ নিয়ে দলকে তিনি জিততে সহায়তা করেছিলেন। আজ দ্বিতীয় ওয়ানডেতে যেন প্রথম দিন উইকেট না পাওয়ার ক্ষেদ মেটালেন প্রাণ ভরে। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তিনিই তো আজ জয়ের নেপথ্য নায়ক। ম্যান অব দ্য ম্যাচ হয়ত সোহাগ, কিন্তু ওই দিনের মতো মূল কাজটা ঠিকই করে দিয়েছেন তিনি। গত  সাড়ে তিন বছরে নিজের সেরা বোলিং পরিসংখ্যানটিও যে তিনি পেয়ে গেলেন আজকের ম্যাচেই। এই মাশরাফি যে আমাদের বড় আরাধ্য। অনেক আরাধনার মাশরাফি এভাবেই থাকুন আরও বহুদিন, অনিয়মিত থেকে নিয়মিত হয়ে উঠুক এই অস্ত্র। নতুন করে প্রার্থনা এখন এটাই।