নিজেকে নির্দোষ দাবি আসাদ রউফের
আবারও নিজেকে নির্দোষ দাবি করলেন আসাদ রউফ। আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপাল ও বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পান ও আম্পায়ার আসাদ রউফের বিরুদ্ধে গত শনিবার অভিযোগ দায়ের করেছে মুম্বাই পুলিশ। পাকিস্তানি এই আম্পায়ারকে ‘ফেরারি অভিযুক্ত’ হিসেবে দেখানো হয়েছে।
কিন্তু সিএনএন-আইবিএনকে রউফ বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। আমি পাঁচটি আইপিলে আম্পায়ারিং করেছি এবং এর সব ম্যাচেই ফল এসেছে। আমার আম্পায়ারিংয়ে কখনোই অন্যায় কিছু করিনি। আমার ব্যাংক হিসাবও স্বচ্ছ।’ এমনকি আইসিসিও স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগে তাঁকে আম্পায়ারিং থেকে সরিয়ে দেয়নি বলেই দাবি করেছেন রউফ। গত জুনে আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন। কিন্তু রউফ বলছেন, ‘আইসিসি আমাকে আম্পায়ারিং থেকে সরিয়ে দেয়নি। আইসিসির সঙ্গে আমার চুক্তি শেষ। আমি অবশ্যই বলব এটা ছিল একটা চাকরি, যা শেষ হয়েছে।’ ওয়েবসাইট।