নিজেকে নির্দোষ দাবি চিং বাই মারমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মুখ খুললেন সাইক্লিস্ট চিং বাই মারমা। এবারের দক্ষিণ এশীয় গেমসে সাইক্লিংয়ে মেয়েদের ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্টে ‘ধাক্কা-কেলেঙ্কারি’র পর এই প্রথম একটি বিবৃতি দিলেন। নিজেকে নির্দোষ দাবি করে চিং বাই কাল বললেন, ‘৫০ কিলোমিটার রোড রেসের ২৭ কিলোমিটার ঘুরে আসার পরে একটা সময় আমি সবার আগে চলে আসি, ওই সময় পেছন থেকে ওলি ভাই (ওয়ালিদ হোসেন) আমাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। আমি বারবার বলছিলাম যে আপনারা পুশ করবেন না। সরে যান। সামনে গাড়ি আছে। কিন্তু উনারা সরল না। বরং আমি বাঁ দিকে এলে উনারা বাঁ দিকে আসেন। আবার আমি ডান দিকে এলে উনারা ডান দিকে আসেন। আমি এই ঘটনায় পুরো নির্দোষ। কোনো শাস্তি দেওয়া হলে সেটা আমার ওপর অবিচার করা হবে।’ ঘটনার পরদিনও টিম হোটেল থেকে বের হতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন চিং বাই। বলেন, ‘তখনকার সাধারণ সম্পাদক পারভেজ হাসান, লিনু আপারা আমাকে বললেন তোমাকে বাইরে যেতে হবে না। কাউকে কিছু বলতেও হবে না। তাই আমি পরদিন রুমের মধ্যে একা একা বসে ছিলাম।’ তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাইক্লিংয়ের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ হাসান, ‘আমার সঙ্গে এ ব্যাপারে ওর কোনো কথাই হয়নি। আমি তখন পরের দিনের খেলা নিয়েই ব্যস্ত ছিলাম।’ সাইক্লিং ফেডারেশনের নতুন সভাপতি মিজানুর রহমান মানু জানালেন, ‘চিং বাইয়ের কোনো ভয় নেই। আমরা ওর ক্যারিয়ারের কোনো ক্ষতি হয় এমন কিছু করব না। তবে নিজেরা আবার একটা তদন্ত করব। সবেমাত্র আমরা দায়িত্ব বুঝে পেলাম। আশা করি, একটু গুছিয়ে নিয়ে ২০ মার্চের পর তদন্তের ফলাফল দিতে পারব।’উল্লেখ্য, এসএ গেমস চলাকালীন আয়োজক কমিটি যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে, সেটির প্রধান ছিলেন মিজানুর রহমানই। ওই তদন্ত রিপোর্টে চিং বাইকেও দোষী সাব্যস্ত করা হয়েছিল বলে জানা যায়।