নিজেকে নির্দোষ দাবি মোশাররফের
গত কয়েক বছরের মতো এবারও ইংল্যান্ডের কেন্টে গিয়েছিলেন সেখানকার ঘরোয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্টে খেলতে। দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেনও। এর পরই আকসুর চিঠি পেয়ে ফিরে এসেছেন ঢাকায়। তবে কাল সিটি ক্লাব মাঠে সংবাদ সম্মেলন ডেকে বিপিএলের ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ অস্বীকারই করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের মোশাররফ হোসেন।আকসুর অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় থাকা বাঁহাতি এই স্পিনারের দাবি, তিনি পরিস্থিতির শিকার। আলোচিত চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে ৩ ওভার বল করে ১৭ রানে ২ উইকেট নেওয়াটাকেই নিজের সততার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ মনে করেন মোশাররফ, ‘ভালো পারফর্ম করেও যদি ফিক্সিং করা হয়, তাহলে তো এটা নজিরবিহীন হবে। এটাই আমার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ যে, আমি ওই ম্যাচে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলাম।’নিজেকে পরিস্থিতির শিকার দাবি করে মোশাররফ বললেন, ‘আমি হয়তো পরিস্থিতির শিকার হয়েছি। আমিও বলতে পারব না, কীভাবে আমার নাম এল। এখন সামনে একটাই পথ খোলা—আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে।’ সেটার প্রস্তুতিও এরই মধ্যে শুরু করে দিয়েছেন তিনি।