নিজেকে নির্দোষ দাবি শ্রীশান্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
shirshanto
shirshanto

জিন্স আর নীল টি-শার্ট। গ্রেপ্তার হওয়ার পর প্রথমবার শ্রীশান্তের দেখা মিলল পরশু। প্রথমবার শোনা গেল শ্রীশান্তের নিজের কথাও; যদিও তাঁর আইনজীবীর মাধ্যমে। পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছিল গ্রেপ্তার হওয়া তিন ক্রিকেটারকে। আদালত আরও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন তাঁদের। রাতে আইনজীবী রেবেকা জনের মাধ্যমে পাঠানো এক ই-মেইলে শ্রীশান্ত বলেছেন, ‘আমি নির্দোষ।’বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার হওয়ার পর প্রথম দফায়ও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে। ইন্ডিয়ান দণ্ডবিধির অধীনে তিনটি আইনে অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে; ৪০৯ অনুচ্ছেদ অনুযায়ী জামিন অযোগ্য বিশ্বাসভঙ্গের অপরাধ; ৪২০ অনুচ্ছেদে জোচ্চুরি ও প্রতারণা এবং ১০২-বি অনুচ্ছেদে ষড়যন্ত্রের অভিযোগ। ৪২০ ও ১০২-বি অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছিল তাঁদের গ্রেপ্তার করার পরই। ৪০৯ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে রাজস্থান রয়্যালস তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর।তবে শ্রীশান্ত নিজেকে মোটেই দোষী মনে করেন না, ‘আমি নির্দোষ এবং কোনো ভুল করিনি। কখনোই কোনো ধরনের স্পট ফিক্সিংয়ে জড়াইনি। ক্রিকেটার হিসেবে আমি শিখেছি যে প্রশংসার পাশাপাশি আমার পথচলায় অনেক আঘাতও আসবে। স্বীকার করছি, জীবনের খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস, আমি নির্দোষ প্রমাণিত হব এবং আমার সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে।’আদালতের শুনানিতে পুলিশ বলেছে, তারা বাজিকরদের সঙ্গে ক্রিকেটারের কথোপকথনের টেপ বিশ্লেষণ করে কণ্ঠের নমুনা মেলানোর কাজ করছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আদালতে জানিয়েছেন, তদন্তের সময় আরও অনেকের নাম বেরিয়ে এসেছে এবং বুধবারই তাঁদের বিস্তারিত তথ্য আদালতে দাখিল করা হবে। শ্রীশান্তের আইনজীবী জন আরও রিমান্ডে নেওয়ার আবেদনের বিরোধিতায় নানা যুক্তি দেখালেও আদালত আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার সরকার পরিচালিত ভারত পেট্রোলিয়ামের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শ্রীশান্তকে। ভারত পেট্রোলিয়ামের বিপণন বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে ছিলেন শ্রীশান্ত, কোচির কাছাকাছি ইরামপানাম ছিল তাঁর কর্মস্থল। যদিও এসব চাকরি সাধারণত হয় সাম্মানিক। এর আগে শ্রীশান্ত আছেন, এমন সব বিজ্ঞাপন সরিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল গ্রেপ্তার হওয়া পঞ্চম ক্রিকেটার বাবুরাও যাদবকেও। গ্রেপ্তার হওয়ার পর যদিও শোনা গিয়েছিল যে এই ক্রিকেটার মনীশ বুদেওয়া। তবে শেষ পর্যন্ত দেখা গেল, এই ক্রিকেটার বিদর্ভের সাবেক পেসার বাবুরাও। এর আগে শ্রীশান্তদের সঙ্গেই বাজিকর হিসেবে গেপ্তার হয়েছেন রয়্যালসেরই সাবেক পেসার অমিত সিং। এ ছাড়া বাজিকরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের প্রয়াত কুস্তিগীর দারা সিংয়ের ছেলে বীরেন্দ্র সিং রানধাওয়াকে। ওয়েবসাইট।