নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান সালমান বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ শক্তভাবেই দাঁড়িয়েছিল সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফের পাশে। কিন্তু ধীরে ধীরে বদলে গেছে দৃশ্যপট। আইসিসির সঙ্গে আইনি লড়াইয়ে এই তিন ক্রিকেটারকে কোনো আইনি সহায়তা না দেওয়ার কথা স্পষ্টই জানিয়ে দিয়েছে পিসিবি। এমনকি কিছুদিন আগে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অভিযুক্ত তিন ক্রিকেটারকে। এখন নিজেদের নির্দোষ প্রমাণ করা আর আইসিসির নিষেধাজ্ঞার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসার জন্য একাই লড়তে হচ্ছে সালমান বাটদের। তবে কারও কোনো সহায়তা না পেলেও নিজেদের নির্দোষ প্রমাণ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ সালমান বাট।৩০ ও ৩১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে সালমান বাট আর মোহাম্মদ আমিরের করা আবেদনের শুনানি। এ মুহূর্তে মামলা পরিচালনা করাটাই প্রধান কাজ বলে মনে করছেন বাট। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমরা নির্দোষ আর আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমাদের নিজেদেরকেই লড়তে হবে। একজন খেলোয়াড় ক্যারিয়ারে খেলার জন্য ১০ বা ১৫ বছর সময় পায়। আর কারও ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে, সেই সময়টা আরও কমে যায়। তাই আমাদের ওপর যতই অভিযোগ থাকুক, সেগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে।’গত শুক্রবার আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন মোহাম্মদ আসিফ। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সালমান বাট বলেন, ‘এর পেছনে হয়তো কৌশলগত বা অর্থনৈতিক কোনো কারণ থাকতে পারে। কিন্তু যা-ই হোক, সে নিশ্চয়ই তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছে।’ —ক্রিকইনফো